বাংলাদেশের গার্মেন্টস শিল্পে তৈরিকৃত পোশাক সারাবিশ্বের মানুষের কাছে বেশ সমাদৃত। দেশের গুরুত্বপূর্ণ ওই খাত এবং সংশ্লিষ্ট মানুষের সাফল্যগাঁথা নিয়ে সংস্কৃতি অঙ্গনে বেশ কিছু কাজ হয়েছে। বিশেষ করে এ বিষয়ে তৈরি একাধিক মঞ্চনাটক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং টিভি নাটক দর্শক নন্দিত হয়েছে।

তবে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে রানা প্লাজার দুর্ঘটনা নিয়ে নির্মিত নজরুল ইসলাম খান পরিচালিত চলচ্চিত্র ‘রানা প্লাজা’। আলোচনা সমালোচনা সত্বেও নানা কারণে চলচ্চিত্রটি সেন্সর পায়নি। ফলে মুক্তি দেয়াও সম্ভব হয়নি। অন্যদিকে আলোচিত নারী নির্মাতা রুবাইয়াত হোসেন নির্মিত চলচ্চিত্র ‘শিমু’ দেশ বিদেশে প্রশংসিত হয়েছে। আজ দেশব্যাপী চলচ্চিত্রটি দেখানো হচ্ছে।
জানা যায়, সারাদেশের ৬৪ জেলার শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে রুবাইয়াত হোসেনের চলচ্চিত্র ‘শিমু’। শ্রমিক নেত্রী ডালিয়া আক্তারের জীবনের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয়েছে এই চলচ্চিত্র। যা নারী দিবস উপলক্ষে গত বছর ১১ মার্চ দেশের সিনেমা হলে মুক্তি পায়। রুবাইয়াত হোসেনের পাশাপাশি চলচ্চিত্রটির মূল কুশলীদের অধিকাংশই ছিলেন নারী। চিত্রগ্রহণে সাবিনল্যাঞ্চেলিন, শব্দ গ্রহণে এলিশা আলবার্ট এবং শিল্প নির্দেশনায় জোনাকি ভট্টাচার্য।

চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, নভেরা রহমান, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবি মায়া, মোস্তফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি, সামিনা লুৎফা প্রমুখ। দুটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামী।
রানা প্লাজা ধসের ৯ বছর: কেমন আছেন আহত শ্রমিকরা, এ বিষয়ে জানা যায়, বাংলাদেশে নারীর ক্ষমতায়নে ও আত্মনির্ভরশীলতা অর্জনে পোশাক শিল্পের যে ভূমিকা আছে তার আলোকে দৃঢ়চেতা নারী পোশাক শ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্প বলা হয়েছে এই চলচ্চিত্রে। ‘শিমু’ প্রতিকূলতাকে জয় করে সামনে এগিয়ে চলা প্রতিটি সংগ্রামী মানুষের গল্প। সমতার প্রশ্নে এই চলচ্চিত্রের প্রধান চরিত্র শিমু একজন সম্মুখ যোদ্ধা।
চলচ্চিত্র ‘মেইড ইন বাংলাদেশ’ বা ‘শিমু’-এর কাজ শুরু হয় ২০১৬ সালের লোকার্নো চলচ্চিত্র উৎসবে ওপেনডোরস ল্যাব-এ অংশগ্রহণের মধ্য দিয়ে। চিত্রনাট্যের জন্য রুবাইয়াত হোসেন জিতে নেন আর্টে ইন্টারন্যাশনাল পুরস্কার। টরন্টো চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর চলচ্চিত্রটি প্রদর্শিত হয় ৬৩তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে।
এছাড়া চলচ্চিত্রটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাদৃত ও পুরস্কৃত হয়েছে। ফ্রান্সের সেইন্ট জঁদ্য-লুজ চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতে নেন রিকিতা নন্দিনী শিমু। ইতালির টোরিনো বাতুরিন চলচ্চিত্র উৎসবে পেয়েছে ইন্টারফেদি পুরস্কার এবং ফ্রান্সের এমিয়েন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতে নিয়েছে সেরা দর্শক ও জুরি পুরস্কারসহ ৩টি পুরস্কার।
২০১৯-এর ডিসেম্বরে ফ্রান্স, ডেনমার্ক, কানাডা ও পর্তুগালের বিভিন্ন সিনেমা হলে বাণিজ্যিকভাবে ‘মেইড ইন বাংলাদেশ’ নামে মুক্তি পায় ছবিটি। এরপর ২০২০ আমেরিকার বিভিন্ন হলে প্রদর্শনের পর চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে দেখানো হয় ম্যাক্সিকো, চীন, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, তুরস্ক, জাপান ও জার্মানির সিনেমা হলে।
বাংলাদেশের খনা টকিজ ও ফ্রান্সের লা ফিল্মস দ্য এপ্রেস-মিডির ব্যানারে নির্মিত শিমু চলচ্চিত্রটির প্রযোজক ফ্রঁসোয়া দক্তেমা ও আশিক মোস্তফা এবং সহ-প্রযোজক পিটার হিলডাল, পেদ্রো বোর্হেস, আদনান ইমতিয়াজ আহমেদ ও রুবাইয়াত হোসেন। আর চলচ্চিত্রটির পরিবেশনা ও আন্তর্জাতিক বিক্রয় প্রতিনিধি ফ্রান্সের পিরামিড ফিল্মস।
‘রানা প্লাজা’: নির্মাণের বেশ কয়েক বছর পরেও আটকে আছে ‘রানা প্লাজা’। বাংলাদেশে সাভারের রানা প্লাজা ভবন ধ্বংসের ঘটনা ও আলোচিত পোশাক শ্রমিক রেশমা চরিত্রটিকে নিয়ে তৈরি চলচ্চিত্র ‘রানা প্লাজা’ প্রদর্শনের ওপর ২০১৬ সালে নিষেধাজ্ঞা দেয় সরকার। সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয় সেন্সর আপিল কমিটি কর্তৃক জনসম্মুখে প্রদর্শনের উপযোগী নয় বলে বিবেচিত হওয়ায় চলচ্চিত্রটি সেন্সর সনদ বিহীন ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে এ চলচ্চিত্রটি দেশের কোথাও প্রদর্শিত হলে চলচ্চিত্রটি বাজেয়াপ্তসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সে সময় সরকারের তথ্য সচিব মরতুজা আহমেদ, যিনি একই সঙ্গে সেন্সর বোর্ডেরও প্রধান ছিলেন, সে সময় তিনি বলেছিলেন চলচ্চিত্রে এমন অনেক কিছু আছে যা সংশ্লিষ্ট আইনের সঙ্গে সাংঘর্ষিক। ওই বছর ৪ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এর আগে ওই বছরই আগস্ট মাসের শেষ দিকে এ চলচ্চিত্রটি প্রদর্শনে ছয় মাসের নিষেধাজ্ঞা দেয় আদালত।
এর আগে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড দীর্ঘদিন ধরে ছাড়পত্র দেয়নি এবং এজন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন পরিচালক। আদালতের এক রায়ের প্রেক্ষাপটে তিনি সেন্সর ছাড়পত্র পেলেও আবারো একটি রিট আবেদনের প্রেক্ষাপটে নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত। পরে উচ্চ আদালত থেকে চলচ্চিত্রটি প্রদর্শনের অনুমতি পাওয়ার কথা জানিয়ে ছিলেন এর পরিচালক নজরুল ইসলাম খান।
কিন্তু পরে ৫ জানুয়ারি দেয়া এক তথ্য বিবরণীতে চলচ্চিত্রটি প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানানো হয়। ‘রানা প্লাজা’ পরিচালক নজরুল ইসলাম খান গণমাধ্যমকে সে সময় বলেছিলেন উচ্চ আদালতে নির্দেশ লংঘন করেই নতুন করে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে মনে করছেন তারা।
এ কারণে তারা এর বিরুদ্ধে আদালতেই যাবেন। তবে নানা চেষ্টা ফিকির করেও কোনো লাভ হয়নি। পরীমনি সাইমন সাদিক অভিনীত চলচ্চিত্রটি আর আলোর মুখ দেখেনি।
























