কাতার বিশ্বকাপে দারুণ নৈপুণ্য দেখিয়ে টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হন এনজো ফার্নান্দেজ। বিশ্বকাপ শেষে এ তারকাকে দলে ভেড়াতে উঠেপড়ে লাগে বড় বড় কয়েকটি ক্লাব। তবে শেষ পর্যন্ত শেষ হাসি হাসল চেলসি।

কাল মধ্যবর্তী দলবদলের শেষ দিনে ব্রিটিশ রেকর্ড ১২ কোটি ১০ লাখ ইউরোয় (বাংলাদেশি মুদ্রায় ১৩৯৯ কোটি টাকা) ফার্নান্দেজকে দলে ভিড়িয়েছে চেলসি। দলবদলে প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের এটাই সবচেয়ে বেশি খরচের রেকর্ড।
বেনফিকা এক বিবৃতিতে নিশ্চিত করে ২২ বছর বয়সী রিলিজ ফি ৫ কিস্তিতে পরিশোধ করা হবে, এই প্রতিশ্রুতিতে ২ ক্লাব চুক্তির ব্যাপারে সম্মতি দিয়েছে। সাড়ে ৮ বছরের চুক্তি করেছেন ফার্নান্দেজ।

এর আগে ২০২১ সালে অ্যাস্টন ভিলা থেকে জ্যাক গ্রিলিশকে ১০ কোটি পাউন্ডে কিনেছিল ম্যানসিটি, যা ছিল প্রিমিয়ার লিগের আরেগ রেকর্ড ফি। বেনফিকা কোচ রজার শুমিড ফার্নান্দেজকে ছাড়তে চাননি। কিন্তু আগে বলেছিলেন, কোনো ক্লাব যদি খেলোয়াড়ের রিলিজ ক্লজ দেয়, সেক্ষেত্রে তাদের হাত বাঁধা থাকে।
২০২২ সালে আর্জেন্টিনার দল রিভার প্লেট থেকে বেনফিকায় যোগ দেন ফার্নান্দেজ। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ ম্যাচ খেলেন, করেন ৪ গোল ও ৭টি অ্যাসিস্ট।

























