শেরপুর পৌর শহরের ৯নং ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারি রবিবার বিকেলে শহরের দমদমাস্থ মরহুম আবুল হাসেমের ইটভাটা মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় উত্তরা নবজোয়ার তরুণ সংঘ একাদশ নবতারুণ্য স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলার শেষার্ধে নবজোয়ার তরুণ সংঘের পক্ষে জিহাদ একমাত্র গোলটি করেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। ওইসময় তিনি বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই। তিনি স্থানীয় পৌর কাউন্সিলরের উদ্যোগে ওই টুর্নামেন্টের আয়োজন করায় ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, স্থানীয় পর্যায়ে যত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা যায় ততই ভালো। এজন্য তিনি আগামী এপ্রিল মাসে স্থানীয় খেলোয়াড়দের অংশগ্রহণে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও টুর্নামেন্টের উদ্যোক্তা ইদ্রিস আলী গেন্দাকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মেয়র তনয় শিহাব আহমেদ কিবরিয়া শ্রাবণ, শহর জাসদের সভাপতি আসাদুজ্জামান লায়ন, জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আলীম।

যুবলীগ নেতা মনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন বিষু ও মনিরুজ্জামান ময়না লিচু, যুবলীগ নেতা খাইরুল ইসলাম আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলায় স্থানীয় পর্যায়ের ৮ টি দল অংশ নেয়।
ফাইনাল খেলাটি পরিচালনা করেন রেফারি মো. মেরাজ উদ্দিন। আর সহকারী রেফারি ছিলেন শহীদ ও খুররম।

























