শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের ১৬ ঘন্টা পর পুকুর থেকে ফরহাদ আলী (৩২) নামে শারীরিক প্রতিবন্ধি এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোপালখিলার পূর্ব-দক্ষিণপাড়া থেকে ওই লাশ উদ্ধার করা হয়। তিনি একই এলাকার আইয়ূব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আটটার দিকে ফরহাদ আলী রাতের খাবার খেয়ে বাইরে বের হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন খোঁজ মেলেনি। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা ফরহাদ আলী বাড়ির পাশে একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে পুকুর থেকে ফরহাদ আলীর লাশ উদ্ধার করে। এসময় তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
গড়জরিপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ জলিল বলেন, গতকাল রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন, বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে রাতেই মারা যান ফরহাদ আলী।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




