শেরপুরের ঝিনাইগাতীতে ট্যাফে ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে রেজাউল ইসলাম (৪৫) নামে ট্রাক্টর চালক নিহত হয়েছেন। ২৩ নভেম্বর বুধবার বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরিয়া এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল উপজেলার মধ্য দুপুরিয়া গ্রামের কাবুল আকন্দের ছেলে এবং দুই সন্তানের জনক।

জানা গেছে, বুধবার বিকেলে রেজাউল ঝিনাইগাতী উপজেলার দুপুরিয়া গ্রামের পাকা সড়ক সংলগ্ন এলাকা থেকে মাটি বোঝাই ট্যাফে ট্রাক্টর নিয়ে পার্শ্ববর্তী মাদারপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। ওইসময় স্থানীয় তোতা মেম্বারের বাড়ির পাশে কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার পথে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
ওইসময় রেজাউল ইসলাম নিজেকে বাঁচাতে গাড়ি থেকে রাস্তার পাশে একটি পুকুরে লাফ দিলে ওই গাড়িটিও রেজাউলের ওপর উল্টে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীদের সহযোগিতায় তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, নিহতের স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তের জন্য লাশ হস্তান্তর ও একটি অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।




