ads

রবিবার , ১৬ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আধুনিক প্রযুক্তির পলিনেটে উচ্চমূল্যের সবজি-ফলমূলের চারা উৎপাদন

খবর টি পড়েছেন : ৫৩৫
শেরপুরে আধুনিক প্রযুক্তির পলিনেটে উচ্চমূল্যের সবজি-ফলমূলের চারা উৎপাদন
পড়ার সময়: ৫ মিনিট
ফন্ট:

চাষে বৈচিত্র্য, লাভবান কৃষক, উৎপাদনে নতুন বিপ্লবের সম্ভাবনা

কৃষি, খাদ্য ও সবজির ভান্ডারখ্যাত শেরপুরে এবার আধুনিক প্রযুক্তির অন্যতম বাহন পলিনেট হাউজে উচ্চমূল্যের সবজি-ফলমূলের চারা উৎপাদন শুরু হয়েছে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি প্রকল্পের আওতায় প্রথমবারের মতো এ পদ্ধতিতে শেরপুর জেলার নকলা, নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলায় ওই চারা উৎপাদন শুরু হয়েছে। এতে উৎপাদনের পর চাষে এসেছে বৈচিত্র্য, সুফল পেয়ে লাভবান হচ্ছেন কৃষকরা। ছড়িয়ে দিতে পারলে এ পদ্ধতি ব্যবহার করে কৃষি উৎপাদনে ঘটতে পারে নতুন বিপ্লব- এমনই আশা সংশ্লিষ্টদের।

Shamol Bangla Ads

কৃষি বিভাগ জানায়, প্রতিটি পলিনেট হাউজ প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করেছে কৃষি বিভাগ। শেরপুরের ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও নকলা উপজেলায় একটি করে পলিনেট হাউজ নির্মাণ করা হয়েছে। পলিনেট হাউজে উচ্চমূল্যের ফসল যেমন ক্যাপসিকাম, ব্রকলি, রকমেলন, রঙিন তরমুজ, রঙিন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লেটুসের মতো সবজির পাশাপাশি চারা উৎপাদন করা হয়। এই পদ্ধতিতে সার ও কীটনাশক ছাড়াই সব ধরনের শাক-সবজি, ফল রোপণ ও চারা উৎপাদন করা হয়। এতে খরচ কম ও লাভ বেশি হওয়ায় আগ্রহ বাড়ছে অন্য চাষিদের মাঝে। পলিনেটে সবজি চাষে যেমন বৈচিত্র্য আসে, তেমনি অনেকেই আয়ের নতুন উৎসের সন্ধান পান।

কৃষি বিভাগের তথ্যমতে, পুরো হাউজে পলিথিনের আচ্ছাদন থাকায় সূর্যের ক্ষতিকর রশ্মি ভেতরে প্রবেশে বাধা পায় এবং অতিবৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগেও ফসলের চারা অক্ষত থাকে। অসময়ে সবজি চাষের জন্য পলিনেট হাউজ দেশে আধুনিক কৃষি প্রযুক্তির নতুন সংযোজন। এর মাধ্যমে শীতকালীন সবজিগুলো যেমন সহজেই গ্রীষ্মকালে উৎপাদন করা যায়, তেমনি গ্রীষ্মকালের সবজিও শীতে উৎপাদন করা যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া গ্রামে ১০ শতাংশ জমির ওপর একটি পলিনেট হাউজ স্থাপন করা হয়েছে। বর্তমানে পলিনেট হাউসে টমেটো, ফুলকপি, পেঁপে, কলার চারা ও ক্যাপসিকামসহ বিভিন্ন ধরনের সবজির চারা উৎপাদন করা হচ্ছে। এতে কাজ করছেন পলিনেটের উদ্যোক্তা কৃষক ফজলুল হক। উপজেলার পশ্চিম বাকাকুড়া গ্রামের কৃষক ফজলুল হক পলিনেট হাউজ পদ্ধতিতে নানা ধরনের সবজি ও ফলমূলের চারা উৎপাদন করছেন।

Shamol Bangla Ads

ফজলুল হক জানান, আধুনিক এই পলিনেট হাউজে প্লাস্টিক ট্রেতে মাটির পরিবর্তে নারকেলের ছোবড়ায় তৈরি কোকোপিটে চারা উৎপাদন করা হয়। এতে ভাইরাস ও পোকামাকড় থেকে রক্ষা পাওয়া যায়। ফলে সার ও কীটনাশক দিতে হয় না। ইতোমধ্যে এ হাউজে ১০ হাজার চারা তৈরি করা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, আমি ঝিনাইগাতীর সফল নার্সারি মালিক বলে আমাকে এই পলিনেট হাউজটি দিয়েছে কৃষি বিভাগ। আমি এতে খুব খুশি। আমি এ পলিনেটে অসময়ের সবজির চারা উৎপাদন করে সফলতা পাচ্ছি। আমার এখান থেকে অনেকে চারা সংগ্রহ করছে। অসময়ে বিভিন্ন সবজির চারা উৎপাদন করার ফলে বেশি দামে বিক্রি করতে পারছি।

তবে এই চাষাবাদ লাভজনক হবে কি না তা নিয়ে নিজে একটু শঙ্কায় ছিলেন বলেও জানান ফজলুল হক। তিনি বলেন, আবাদ শুরুর পর দেখি এ পদ্ধতি বেশ ভালো। সারা বছর এখানে বিভিন্ন ধরনের ফসল চাষ করে আমরা লাভবান হতে পারব।
নালিতাবাড়ীর আরেক উদ্যোক্তা বকুল মিয়া বলেন, আমি এ পলিনেটের মাধ্যমে অনেক সুবিধা পাচ্ছি। এতে আগাম সবজির চারা উৎপাদন করা যায়। আমার এখান থেকে অনেকে চারা সংগ্রহ করছে। আমি ভালোই সাড়া পাচ্ছি। ইতোমধ্যে এই হাউজে টমেটো, ফুলকপি, ক্যাপসিকাম, কলাসহ বিভিন্ন ধরনের ফল ও শাক-সবজি লাগানো হয়েছে। তার মতে, এ পদ্ধতি ব্যবহার করে দেশের সব জায়গায় চারা উৎপাদন করলে সব কৃষকরা এটার সুফল ভোগ করবে।

চাষিরা জানান, প্রতিদিনই এই হাউজ দেখতে আসছেন কৃষকরা। লাভজনক হলে পলিনেট হাউজ করবে তারাও। পশ্চিম বাকাকুড়া গ্রামের এরশাদ মিয়া বলেন, আমি প্রথমে ভাবছিলাম এখানে সবজি হবে না। এখন দেখতেছি ভালোই সবজি হয়েছে। আমিও একটা পলিনেট হাউজ করার কথা ভাবছি। কৃষক লাদেন মিয়া বলেন, পলিনেটে তো শীতকালের সবজি এখনি পাওয়া যাইতাছে। এইডাতে তো মেলা লাভ। এহন টমেটোর দাম বাজারো ১৫০ টাহা কেজি। আর এহন বেইচাও ভালা টাহা পাওয়া যাইতাছে দেখলাম। কৃষক আব্দুল করিম বলেন, আসলে এই সময়ে তো শীতকালের সবজির চারা সব জায়গায় হয় না। কিন্তু এর মধ্যে তো হইতাছে। আমি এখান থেকে কিছু চারা নিয়া লাগাইছি। এখানে চারা তো কম সময়ের মধ্যেই হয়ে যায়। কৃষক আব্দুল ওহাব বলেন, ফজলু ভাইয়ের মত যদি আমাগোরে কৃষি বিভাগ একটু সাহায্য করে একটা পলিনেট হাউজ বানাই দেয়। তাহলে আমিও এই রকম কইরা সবজি চাষ করতাম।

এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদার বলেন, পলিনেট হাউজে মাটির বদলে কোকোপিটের মাধ্যমে চারা উপাদন করায় প্রচুর শিকড় জন্মায়। এখানে উৎপাদিত চারা ২০ দিন পর রোপণযোগ্য হয়। ফলে এ চারাটি ক্ষেতে রোপণ করলে খুব দ্রুত বড় হয়। এ প্রযুক্তির মাধ্যমে ভারি বৃষ্টিপাত, তাপ, কীটপতঙ্গ, ভাইরাসজনিত রোগ ইত্যাদির মতো প্রতিকূল পরিস্থিতি থেকে নিরাপদ শাক-সবজি ও ফলমূলের চারা উৎপাদন করা সম্ভব। পলিনেটের ওপরে শেড দিয়ে তাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে কৃত্রিম উপায়ে। মূলত অতিবৃষ্টি ও অকাল বন্যায় চারা রাখতে না পারায় বিকল্প এই চিন্তা। এই পদ্ধতিতে কৃষকরা সারা বছর সবজি ও চারা উৎপাদন করতে পারবেন। এতে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সব ধরনের সবজি চাষ করে কৃষকরা আর্থিকভাবে লাভবান হতে পারেন। কৃষি বিভাগ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে। এই পদ্ধতির সুবিধা দেখে এলাকার অনেক কৃষকই আগ্রহী হয়ে উঠছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে অবৈধ দখলদার উচ্ছেদসহ নদ-নদী রক্ষার দাবিতে স্মারকলিপি… পরবর্তী সংবাদ শেরপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের…

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads