কাতারে চলছে উৎসব। প্রতিদিনই বিশ্বকাপ ঘিরে হচ্ছে কোনো না কোনো আয়োজন। উৎসবের দেশে ভ্রমণে এসে ব্যবসা-বাণিজ্য নানা বিষয় নিয়ে চুক্তি নিয়ে ব্যস্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই ভ্রমণে ব্যস্ত সময় পার করছেন তিনি। কাতার বিশ্বকাপের নিরাপত্তায় সেনা সদস্য পাঠানোর সিদ্ধান্ত এরইমধ্যে নিয়েছে দেশটি।

এবার সফরের দ্বিতীয় দিন বিশ্বকাপের অন্যতম আকর্ষনীয় ভেন্যু স্টেডিয়াম ৯৭৪ ভ্রমণে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ। অন্য ভেন্যুগুলোর চেয়ে একেবারেই আলাদা মনোরম এই স্টেডিয়ামটি দেখে মুগ্ধ তিনি। স্টেডিয়ামটির নাম আগে ছিলো রাস আবু আবুদ।
এই স্টেডিয়ামের বিশেষত্ব হচ্ছে- এটি নির্মাণে ব্যবহার করা হয়েছে হাজারো কন্টেইনার। মজার বিষয় হচ্ছে ৯৭৪ কাতারের আন্তর্জাতিক ডায়াল কোড। বিশ্বকাপের পর ভেন্যুটি পুরোপুরি ভেঙে ফেলা হবে। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এমন ঘটনা এবারই প্রথম ঘটছে।

এমনকি এটা এমনভাবে নির্মাণ করা হয়েছে যে এর তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য আলাদা কোনো প্রযুক্তির দরকার হবে না। এটার তাপমাত্রা স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রণে থাকবে। এই স্টেডিয়ামে, বিশ্বকাপের শীর্ষ ষোলো পর্যন্ত মোট ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর দর্শক ধারণক্ষমতা ৪০ হাজার। কাতার বিশ্বকাপের সঙ্গে এবার বেশ ভালভাবেই জড়িয়ে আছে পাকিস্তান।
বিশ্বকাপের অফিশিয়াল বল রিহলাও তৈরি হয়েছে পাকিস্তানেই। বিশ্বকাপে ভূমিকা রাখতে পেরে খুশি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
শাহবাজ শরীফ বলেন, স্টেডিয়াম ৯৭৪ দেখে আমি অভিভূত। সত্যিই এটা বিশ্বকাপের আকর্ষণ আরও বাড়িয়ে দেবে। কাতার বিশ্বকাপের সফল আয়োজন প্রত্যাশা করছি আমি। বিশ্বকাপের অফিশিয়াল বল রিহলা পাকিস্তানে তৈরি হওয়ায় আমি সত্যিই গর্বিত। ২০ নভেম্বর থেকে শুরু হবে এবারের কাতার বিশ্বকাপ।

























