বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বেশি সুষ্ঠু হওয়ার দরকার নেই, মোটামুটি সুষ্ঠু একটি নির্বাচন দিয়ে দেখেন, ১০টা আসনও আপনারা (আওয়ামী লীগ) পাবেন না। আমি রুমিন ফারহানা চ্যালেঞ্জ দিয়ে বলছি আওয়ামী লীগকে। মানুষ যদি ভোট দিতে পারে, আপনাদের লাথি দিয়ে গদি থেকে বিদায় করে দেবে।’ তিনি ৩১ জুলাই রবিবার বিকেলে ময়মনসিংহ নগরীর নতুন বাজারে বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।

সারা দেশে নজিরবিহীন লোডশেডিং, গ্যাসের মূল্যবৃদ্ধি ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। বিএনপির একমাত্র নারী সংসদ সদস্য আরও বলেন, সরকারের পতনই সব সমস্যার সমাধান। এবার আর নিশিরাতে ভোট হতে দেওয়া হবে না। অবৈধ সরকারকে ক্ষমতা থেকে হটাতে আন্দোলন ছাড়া কোনো পথ নেই। আন্দোলনের মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে বাধ্য করা হবে।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চু প্রমুখ।




