শেরপুরে এসএসসি ‘৯৮ ব্যাচের উদ্যোগে আনন্দ র্যালি ও ঈদ পুনর্মিলনী উদযাপিত হয়েছে। ৪ এপ্রিল বুধবার শহরের নিউমার্কেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে পৌর অডিটোরিয়ামে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হন ৯৮ ব্যাচের বন্ধুরা। দীর্ঘদিন পর একে অপরের সাথে দেখা হওয়ায় আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা
জানা গেছে, ১৯৯৮ সালে যারা এসএসসি পাশ করেছেন তারা প্রত্যেকেই জীবন প্রয়োজনের তাগিদে দূর-দূরান্তে অবস্থান করেন। শেরপুর জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ‘৯৮ সালে এসএসসি পাশ করা বন্ধু বান্ধবীর নিজেদের মাঝে দূরত্ব ঘোচাতে এবং বন্ধুত্বের বন্ধনকে নতুন করে সাজিয়ে নিতে করোনাকালীন সময় থেকেই একত্রিত হওয়ার উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু নানা প্রতিবন্ধকতায় এতদিন মিলিত হওয়ার সুযোগ ছিলো না। তবে করোনার প্রভাব কমে যাওয়ায় সবাই মিলিত হয়ে ঈদ পুনর্মিলনী আয়োজন করায় ভীষণ আনন্দিত তারা।

অনুষ্ঠানে ৯৮ ব্যাচের সভাপতি সুজা উদ দৌলা, সাধারণ সম্পাদক এস এম রুহুল আমিন, গাইনী বিশেষজ্ঞ ডা. কেয়া, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও বর্তমান চরমোচারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম সাব্বির আহমেদ খোকন, ৯৮ ব্যাচের নির্বাহী সদস্য শামছুর রহমান শামীম, জামিল হোসেন সরকারসহ প্রায় তিনশ বন্ধু উপস্থিত ছিলেন।
ওইসময় তারা বলেন, আমরা এই আনন্দঘন মূহূর্তে সবার সাথে মিলিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ৯৮ ব্যাচ নিয়ে ভবিষ্যৎ অনেক পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে ‘৯৮ সালে এসএসসি পাশ করা বন্ধুদের মাঝে যারা মৃত্যু বরণ করেছেন তাদের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।




