শেরপুর জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-২৯২১) ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ১১ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে শহরের নিউমার্কেটস্থ জেলা রাজমিস্ত্রী শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে ওই ভোট গ্রহণ চলে। ২৮১ জন ভোটারের মধ্যে ২৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে মো. জাকির হোসেন দোয়াত কলম প্রতীক নিয়ে ১৩৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদায়ী সভাপতি সৈয়দ আল মামুন সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১২১ ভোট। আর মো. আলাল উদ্দিন আনারস প্রতীক নিয়ে ১৩১ ভোট পেয়ে আবারও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তারা মিয়া রিক্সা প্রতীক নিয়ে পেয়েছেন ১০৫ ভোট এবং আজাহার আলী ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ ভোট।
এছাড়া মোঃ তারিকুল ইসলাম (তারেক) চেয়ার প্রতীক নিয়ে ১৬৮ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক (১ম) পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জলিল উদ্দিন মাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৮১ ভোট।

সোহেল মিয়া ফুটবল প্রতীক নিয়ে ২১৮ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক মিয়া সেলাই মেশিন প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ ভোট। তাছাড়া নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন কমিটির অন্যান্য কর্মকর্তারা।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এ্যাডভোকেট শিবলু চন্দ্র দাস। আর নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নারায়ণ সাহা ও গোলাম মাহবুব।




