ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, শেরপুর জেলার কৃতি সন্তান ড. সৌমিত্র শেখর।

১৫ ডিসেম্বর বুধবার জাককানইবি আইন, ২০০৬ এর ১০(১) ধারা অনুসারে তাকে আগামী চার বছরের জন্য নিযুক্ত করা হয়েছে। রাষ্ট্রপতি ও আচার্যের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
ড. সৌমিত্র শেখর এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘নজরুল গবেষণা কেন্দ্র’ এর পরিচালক ও ‘নজরুল -অধ্যাপক’ হিসেবে কর্মরত ছিলেন। বাংলায় স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর প্রথম শ্রেণিপ্রাপ্ত সৌমিত্র শেখর মাত্র ঊনত্রিশ বছর বয়সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৬ সালে যোগ দেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।

পরের বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। ছাত্রজীবন থেকেই সাহিত্য ও শিল্পানুরাগী ছিলেন। অধ্যাপনার পাশাপাশি লেখালেখি ও সাহিত্য নিয়ে আলোচনার জন্য পরিচিতি রয়েছে তাঁর।
উল্লেখ্য, ড. সৌমিত্র শেখর শেরপুর শহরের গৌরীপুর মহল্লার অধিবাসী এবং শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রয়াত প্রধান শিক্ষক সুনীল বরণ দে’র জ্যেষ্ঠ পুত্র।









