নোয়াখালীর ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের দেখতে গেছে জাতিসংঘের দুই সংস্থার একটি প্রতিনিধি দল।কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার শাহ মো. রেজোয়ান হায়াত জানান, সোমবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে নৌবাহিনীর জাহাজে করে তারা ভাসানচরে যান। ২১ সদস্যের এই প্রতিনিধি দলে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কর্মকর্তারা রয়েছেন।

শাহ মো. রেজোয়ান হায়াত বলেন, “সেখানে কার্যক্রম শুরুর প্রাথমিক কাজ হিসেবে জাতিসংঘের টিমটি ভাসানচরে গেল। তারা কয়েকদিন সেখানে অবস্থান করবেন।”
বাংলাদেশ সরকার ও ইউএনএইচসিআরের যৌথ উদ্যোগে রোহিঙ্গা নাগরিকদের জন্য খাদ্য ও পুষ্টি, সুপেয় পানি, পয়ঃনিষ্কাশন, চিকিৎসা, অনানুষ্ঠানিক শিক্ষা এবং জীবিকার ব্যবস্থা করা হবে ভাসানচরে। সরকার সেখানে বসবাসরত রোহিঙ্গা এবং জাতিসংঘ, সহযোগী সংস্থা ও দে-বিদেশি এনজিওকর্মীদের নিরাপত্তার বিষয়টি দেখবে।

ভাসানচর প্রকল্পের উপ-পরিচালক কমান্ডার আনোয়ারুল কবির, ইউএসএইচসিআর ও ডব্লিওএফপির ২১ সদস্যের দলটি সকাল সাড়ে ৯টায় নৌবাহিনীর জাহাজ ডলফিনে করে ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেয়। দুপুর নাগাদ তারা সেখানে পৌঁছায়।
প্রতিনিধি দলটি সেখানে প্রাথমিকভাবে তিন দিন থাকবে জানিয়ে তিনি বলেন, “ভাসানচরে সাপ্লাই চেইন কীরকম হবে, তাদের অফিস, স্টোরেজ এবং মানবিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে তা নিয়ে তারা কাজ করবেন। এছাড়া রোহিঙ্গাদের সাথেও কথা বলতে পারেন প্রতিনিধি দলের সদস্যরা।”
ভাসানচরে চলাচলের সুবিধার জন্য প্রতিনিধি দলের পক্ষ থেকে বেশ কয়েকটি যানবাহনও জাহাজে করে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে ভাসান চরে সাড়ে ১৮ হাজারের মত রোহিঙ্গা শরণার্থী বসবাস করছেন বলে কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে।




























