স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল ১৪ ফেব্রুয়ারি রবিবার। এ পৌরসভায় প্রথমবারের মত ইভিএম মেশিনে ভোটগ্রহণ শুরু হবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। এ পৌরসভায় মেয়র পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল লড়াই হবে আওয়ামী লীগ মনোনীত গোলাম কিবরিয়া লিটনের নৌকা প্রতীক ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এডভোকেট রফিকুল ইসলাম আধারের জগ প্রতীকের মধ্যে।
এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিদ্রোহী প্রার্থী এডভোকেট রফিকুল ইসলাম আধার। তিনি অভিযোগ করে বলেন, আগামীকালের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে দলের কিছু অতি উৎসাহী অংশের পক্ষ থেকে পৌরসভার পশ্চিমাঞ্চলে বিশেষ করে মীরগঞ্জ, কসবা মোল্লাপাড়া, কাচারীপাড়া, কাঠগড়, পশ্চিম শেরীসহ কয়েকটি জায়গায় কেন্দ্র দখলসহ এজেন্ট বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ওইসব হুমকির কারণে সাধারণ ভোটাররাও শঙ্কিত রয়েছেন।
তিনি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, শেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী লড়াই করছেন। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৭৫ হাজার ৭৩৮ জন। ৯ টি ওয়ার্ডে মোট ৩৫ টি ভোট কেন্দ্রে প্রথম বারের মত ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
























