স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারের নির্বাচনী প্রচারণার মাইক ও ব্যাটারিচালিত ইজিবাইক আবারও ভাঙচুর করা হয়েছে। ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের কসবা মাজার রোডে তৃতীবারের মতো হেলমেট পরিহিত কিছু যুবক ওই ভাঙচুর চালায়। ওইসময় মাইক প্রচারক ও ইজিবাইক চালককেও লাঞ্ছিত করে সন্ত্রাসীরা। সেইসাথে নৌকার প্রচারণা ছাড়া অন্য কোন প্রার্থীর প্রচারণা করা যাবে না বলেও হুমকি দেওয়া হয়।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে শহরের বিভিন্ন জায়গায় কয়েকটি মাইক ও ইজিবাইক দিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এডভোকেট রফিকুল ইসলাম আধারের নির্বাচনী প্রচারণার জগ প্রতীকের প্রচারণা চলছিল। বিকেলের দিকে মাইক প্রচারণার একটি ইজিবাইক শহরের কসবা মাজার রোডে গেলে ৫/৬ জনের একটি সন্ত্রাসী দল ইজিবাইক থামিয়ে মাইক ও ইজিবাইক ভাঙচুর করে। তারা সবাই হেলমেট পরিহিত ছিল বলে জানায় মাইক প্রচারক।

এ ব্যাপারে মেয়র প্রার্থী এডভোকেট রফিকুল ইসলাম আধার বলেন, গত কয়েকদিনে শহরের বিভিন্ন স্থানে আমার প্রচারণার মাইক ভাঙচুর এবং বিভিন্ন কেন্দ্র বন্ধ ও দখল করে নেওয়া হচ্ছে। সেইসাথে আমার কর্মী-সমর্থকদের হুমকি ও চাপ প্রয়োগ করা হচ্ছে। এ ব্যাপারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশন বরাবর লিখিতভাবে অবহিত করা হয়েছে। আজকের ঘটনাতেও থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। আমার জগ প্রতীকের সুসংহত অবস্থান দেখে একজন প্রার্থীর সমর্থকরা এরকম হামলা চালাচ্ছে- যা সুষ্ঠু নির্বাচনী পরিবেশের অন্তরায়।
























