স্টাফ রিপোর্টার ॥ আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার নির্বাচনকে সামনে রেখে ৭নং ওয়ার্ডের উটপাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী মোঃ নাজমুল হুদা জালালের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি সোমবার রাতে শহরের সজবরখিলা এলাকায় আশালতা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সমাজসেবক মোঃ আমজাদ আলী।
স্থানীয় সমাজসেবক প্রিয়তোষ সরকারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক আলহাজ্ব মোঃ হবিবুর রহমান, আলহাজ্ব লুৎফর রহমান, মোখলেছুর রহমান, আব্দুর রশিদ (বিএসসি), লুৎফর রহমান মোহন, মোহাম্মদ কামারুজ্জামান, আব্দুর রশিদ, মোঃ শামসুদ্দিন, মোঃ সোহেল প্রমুখ। ওইসময় বক্তারা উটপাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী নাজমুল হুদা জালালের পক্ষে ভোট প্রার্থনা করেন।
কাউন্সিলর প্রার্থী জালাল বলেন, এ ওয়ার্ডের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ও ডিজিটাল ওয়ার্ড গড়ে তুলতে সবার কাছে সহযোগিতা ও ভোট চাই। ৭নং ওয়ার্ডকে জলাবদ্ধতা মুক্ত ও পরিচ্ছন্ন ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। তিনি আরও বলেন, ৭নং ওয়ার্ডের ভোটাররা ভোট নিয়ে সংশয়ে থাকায় জনমনে এক আতংক বিরাজ করছে। ভোটাররা সঠিকভাবে ভোট প্রয়োগ করতে পারলে উটপাখি প্রতীক বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী হবে। তিনি অভিযোগ করে বলেন, ইতোমধ্যে এ ওয়ার্ডে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজাম উদ্দিনের সমর্থকরা একের পর এক আমার সমর্থকদের হুমকি প্রদর্শন, প্রচারণায় বাধা, পোস্টার ছিঁড়ে ফেলছে।
এ ব্যাপারে কাউন্সিলর প্রার্থী নিজাম উদ্দিন বলেন, ওইসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার জনপ্রিয়তা দেখে একটি স্বার্থানেষী মহল চক্রান্তে লিপ্ত হয়ে এমন অভিযোগ তুলছেন।
























