স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ঝিনাইগাতীর কোচ শিশুদের নিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক সভা করেছে শেরপুরের এনসিটিএফ (ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স) সদস্যরা। ‘সুস্থ থাকুক প্রতিটি শিশু’-এ প্রতিপাদ্য নিয়ে ৫ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে জেলা সদর হতে প্রায় ২৭ কিলোমিটার দূরে রাংটিয়া এলাকার নিভৃত কোচপল্লীতে মা ও শিশুদের নিয়ে এ সভাটি অনুষ্ঠিত হয়। এতে ব্যক্তিগত পরিস্কার-পরিচ্ছন্নতা, বয়সন্ধিকালীন জটিলতা, মেয়েদের মাসিক ঋতুস্রাবের সময় করণীয় এবং স্যানিটারি প্যাড ব্যবহার সম্পর্কে সচেতনতামুলক আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুক্ত আলোচনার মাধ্যমে এনসিটিএফ শেরপুর জেলার সদস্য শিশু, উপদেষ্টা, স্বেচ্ছাসেবক এবং আদিবাসী মা ও শিশুরা তাদের কথাগুলো একে-অপরের সাথে খোলামেলা আলোচনা ও ভাববিনিময় করেন।

ওইসময় এনসিটিএফ উপদেষ্টা শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, আমাদের আরও সচেতন হতে হবে। মাসিক এর সময় মেয়েদের সচেতন থাকতে হবে এবং সংকোচ বোধ না করে পরিবারের বড়দের সাথে এ বিষয়টি শেয়ার করতে হবে। এনসিটিএফ কমিটির চাইল্ড পার্লামেন্ট মেম্বার মুহসানাত তাহিরা বলেন, সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে, যাতে তারা বাবা-মার কাছে সব বলতে পারে। কোন দ্বিধাবোধ যেন না করে, তারা যাতে ভয় না পায়। পরিস্কার-পরিচ্ছন্নতাই তাদের সুস্থ রাখতে পারে। নৌশিন তাবাসসুম সুস্মী বলেন, স্কুল-কলেজে যাতে এই বিষয়গুলো সম্পর্কে স্যানিটারি প্যাড এর ব্যবস্থা থাকে, যাতেকরে কোন শিশু এইসব সমস্যায় না পড়েন। সাংগঠনিক সম্পাদক ফৌজিয়া আবিদা এবং সহ সাধারণ সম্পাদক তাসনোভা আলম বলেন, এই সময়ে পুষ্টিকর খাবার খাওয়া উচিত। বিশেষ করে আয়রন আছে এমন ধরনের খাবার। তাছাড়া স্যানেটারি প্যাড সঠিকভাবে ব্যবহার করা উচিত। পাশাপাশি ব্যবহারের পর নির্দিষ্ট স্থানে ফেলা উচিত।
এছাড়া জেলা স্বেচ্ছাসেবক রজত সাহা অন্তু বলেন, সমাজের বিভিন্ন প্রচলিত যেসব কুসংস্কার রয়েছে, যেমন মােিসকর সময়ে মেয়েদের কাজ করতে দেওয়া যাবে না, রান্না ঘরে যাওয়া যাবে না, এসব থেকে বেরিয়ে আমাদের সচেতন হতে হবে। এসবের ফলে শিশুর মাধে সংকীর্ণ মনোভাব দেখা দেয়। তাই এসব কুসংস্কার থেকে বের হতে হবে। মাসে ৫ দিন করে হলে বছরে ২ মাস। এই দুই মাস যদি তাদের আমরা বিভিন্ন কাজ থেকে বঞ্চিত রাখি তাহলে তারা অনেক কিছু হতে বঞ্চিত হবে। তিনি বাল্যবিবাহের কুফল, অপচিকিৎসা, যৌতুক এবং অনিরাপদ ডেলিভারির বিভিন্ন খারাপ দিক সম্পর্কে আলোকপাত করে সকলকে সচেতন হওয়ার কথা বলেন। কোচ পরিবারের সদস্যরা এসময় জানান, তারা এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক উপকৃত হয়েছেন। তারা এখন থেকে নিজেরা সচেতন থাকবেন এবং অপরকে সচেতন করবেন। সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ আচরন করবেন, মাসিক এর বিষয়ে জানাবেন।
অনুষ্ঠানে ৩২ জন কোচ মা ও শিশু অংশগ্রহণ করেন। সকল মা এবং কন্যা শিশুদের বিনামূল্যে স্যানিটারি প্যাড ও মাস্ক উপহার দেওয়া হয়। এসময় এনসিটিএফ শেরপুর জেলার সভাপতি আফিফ আল আবরার, সহ সভাপতি রাদিয়া, সাধারন সম্পাদক মিজানুর রহমান সম্রাট, সহ সাধারণ সম্পাদক তাসনোভা আলম, সাংগঠনিক সম্পাদক ফৌজিয়া আবিদা, চাইল্ড পার্লামেন্ট মেম্বার শীর্ষ সরকার ও মুহসানাত তাহিরাহ , শিশু সাংবাদিক রাইসুল পিয়াস ও নৌশিন তাবাসসুম সুস্মী, শিশু গবেষক মুশফিকুর রহমান রিদম, আবুল কালাম আজাদ, মিঠুন কোচ, সেভ দ্য চিলড্রেন স্বেচ্ছাসেবক রজত সাহা অন্তু প্রমুখ উপস্থিত ছিলেন।























