স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বয়সভিত্তিক প্রতিভাবান খেলোয়াড় বাছাই কার্যক্রম। ৩০ জানুয়ারি শনিবার সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় শহীদ মুিক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এ খেলোয়াড় বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত। এসময় ডিএফএ শেরপুরের অন্যান্য কর্মকর্তা, বাফুফের দুই ইয্যুথ ন্যাশনাল ফুটবল কোচ রাশেদ আহমেদ পাপ্পু ও আমিন রানা, স্থানীয় ফুটবল কোচ সাধন বসাক প্রমুখ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দেড় শতাধিক ক্ষুদে ফুটবলার এ বাছাই কার্যক্রমে অংশ নেয়।

দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, অনুশীলনে ব্যস্ত ক্ষুদে ফুটবলাররা। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা খেলোয়াড়দের চোখে বিশ্বজয়ের স্বপ্ন। বাড়ির আঙিনা দাপিয়ে বেড়ানো ছেলেটাও আজ এসেছে বাফুফের প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ে অংশ নিতে। জাতীয় দল গঠনের জন্য শক্তিশালী পাইপলাইন না থাকায় ফুটবলের উন্নয়নে ব্যাঘাত ঘটেছে প্রতিনিয়ত। তবে এবার বয়সভিত্তিক আসরের জন্য সেরা জাতীয় সেরা দল গড়তে দেশব্যাপী প্রতিভাবান খেলোয়াড় বাছাই শুরু করেছে বাফুফে। এরই ধারাবাহিকতায় শনিবার শেরপুর সহ ছয় জেলায় খেলোয়াড় বাছাই কার্যক্রম পরিচালিত হচ্ছে। জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় দুই দিনে জেলার অনূর্ধ্ব-১৫ বছর বয়সী দেড় শতাধিক খেলোয়াড়ের মধ্যে বিভিন্ন পজিশনের সেরা খেলোয়াড় বাছাই করবে বাফুফে। প্রাথমিকভাবে বাছাইকৃত খেলোয়াড়দের পরবর্তীতে বিভিাগীয় বাছাই শেষে রাজধানীতে চুড়ান্ত বাছাই হবে। তাই সেরাদের তালিকায় থেকে বিশ্বজয়ের স্বপ্ন এই কিশোরদের।
এদিকে, নিয়মিত খেলোয়াড় বাছাই কার্যক্রমের পাশাপাশি দরিদ্র খেলোয়াড়দের আর্থিক সহযোগিতা প্রদানের দাবি করেছেন শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত। তাছাড়া তৃনমুলের ফুটবলের উন্নয়ন ও প্রতিভাবান ফুটবল খেলোয়াড়দের তুলে আনতে জেলা পর্যায়ে বাফুফের পক্ষ থেকে স্থায়ীভাবে না হলেও চুক্তিভিত্তিক ফুটবল কোচ নিয়োগ দেওয়ার দাবী ডিএফএ সাধারণ সম্পাদক হাকিম বাবুল-এর। এছাড়া জেলা পর্যায়ে নিয়মিত স্কুল ফুটবল প্রতিযোগিতা আয়োজন করার কথাও বলেন। তাহলে তৃণমুলের ফুটবল বেগবান হবে বলেও তিনি মন্তব্য করেন।
শেরপুরে বাছাই কার্যক্রমে আসা বাফুফের ইয়্যুথ ন্যাশনাল ফুটবল কোচ রাশেদ আহমেদ পাপ্পু বলেন, ‘সাফ অনূর্ধ্ব-১৫ থেকে শুরু করে বয়সভিত্তিক এএফসি কাপ প্রতিযোগতার দল গঠনের জন্য এ প্রতিভাবান ফুটবলার বাছাই কার্যক্রম। নিয়মিত প্রশিক্ষণ ও চর্চার মাধ্যমে জাতীয় আসরে এরাই দেশের হয়ে খেলবে। প্রয়োজনীয় পরিচর্যা করা গেলে, এই ক্ষুদে ফুটবলাররাই বিশ্বজুড়ে বাংলাদেশকে তুলে ধরবে।’

























