স্টাফ রিপোর্টার, নকলা : শেরপুরের নকলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী মনিরুজ্জামান মিলনের বিরুদ্ধে জাল দলিলের মাধ্যমে শিক্ষকের জমি আত্মসাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। নকলা উপজেলার বানেশ্বরদী খন্দকার পাড়া গ্রামের আব্দুস সবুর ও মাসুদ রানা সজীব ২৭ জানুয়ারি বুধবার বিকেলে নকলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, সাভার গণ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেনের পৈত্রিক বাড়ি শেরপুর সদর উপজেলার কবিরপুর আন্দারিয়া মৌজার বি আর এস ২৬৯৩ নম্বর দাগের ২০ শতক জমি একটি ভুয়া দলিল সাজিয়ে শেরপুর সদর ভুমি অফিস থেকে মনিরুজ্জামান মিলন তার নিজ নামে খারিজ করে নেন। বিষয়টি আমরা জানতে পেরে শেরপুর জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করি। নিজ অপকর্ম ধামাচাপা দেয়ার জন্য মনিরুজ্জামান মিলন আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যকলাপের মাধ্যমে ফেইসবুক, অনলাইন পোর্টাল এবং পত্র পত্রিকায় মিথ্যা ও বানোয়াট নিউজ প্রকাশ করে আমাদের ব্যক্তিগত এবং সামাজিক মর্যাদা ক্ষুন্ন করছে বিধায় আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

এ ব্যাপারে মনিরুজ্জামান মিলন জানান, আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা। বর্ণিত জমি নিয়ে শেরপুর সহকারী জজ আদালতে ২২২/২০ অন্য প্রকার মামলা বিচারাধীন রয়েছে বিধায় জাল দলিলে জমি বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
























