স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদীতে ব্যাটারিচালিত ইজিবাইকের চাকার নিচে পড়ে আশা মনি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ২৩ জানুয়ারি শনিবার দুপুরে উপজেলার শ্রীবরদী-শেরপুর সড়কের লংগরপাড়া এলাকায় সবুজ সাথী স্কুলের সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আশা মনি উপজেলার আবুয়ারপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে। ওই ঘটনায় ইজিবাইক চালক রুবেল মিয়াকে আটক করেছে পুলিশ। আটক রুবেল খড়িয়াকাজীরচর এলাকার লাল মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশু আশা মনি তার মায়ের সাথে লংগরপাড়া এলাকায় খালার বাড়িতে বেড়াতে যায়। শনিবার দুপুরে রাস্তা পারাপারের সময় শেরপুরগামী একটি ব্যাটারিচালিত ইজিবাইক আশা মনিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় আশা মনি। পরে আশেপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরপরই ওই ইজিবাইকের চালক রুবেল মিয়াকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার এসআই খোরশেদ আলম বলেন, ওই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
























