স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে রাত্রি রহমান ইতু (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১০ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামের নানী মালেকা বেগমের বাড়ির একটি ঘর থেকে রাত্রির লাশ উদ্ধার করে। সেইসঙ্গে রাত্রির লিখা সুইসাইড নোটও জব্দ করে। সে স্থানীয় রহমতুল্লাহ ও আকলিমা বেগমের মেয়ে ও সাপমারী নতুনকুঁড়ি কিন্ডার গার্টেন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। ওই ঘটনায় মো. রাশেদ (২০) নামের এক যুবকের বিরুদ্ধে রাত্রির আত্মহত্যার প্ররোচণার অভিযোগ পাওয়া গেছে। রাশেদ কুঠুরাকান্দা গ্রামের হারুন অর রশীদের ছেলে। ওই ঘটনার পর থেকে রাশেদ ও তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছেন। পুলিশ তাদের আটকের চেষ্টা করছে।

পুলিশ, সুইসাইড নোট ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনেক বছর আগে রাত্রির বাবা রহমতুল্লাহ ও মা আকলিমার মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর সে (রাত্রি) নানি মালেকা বেগমের বাড়িতে থেকে পড়ালেখা করত। বৃহস্পতিবার বিকেল থেকে রাত্রির সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যায় স্বজনেরা নানি মালেকা বেগমের বসতঘরের পার্শ্ববর্তী একটি ঘরের আড়ার সঙ্গে গলায় লাইলনের রশি দিয়ে পেচানো অবস্থায় রাত্রির ঝুলন্ত লাশ দেখতে পান। সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর থানার পুলিশ তার (রাত্রি) ঝুলন্ত লাশ উদ্ধার করে।
সুইসাইড নোট থেকে জানা গেছে, একই গ্রামের বাসিন্দা হওয়ার সুবাদে রাশেদের সঙ্গে রাত্রির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি (রাশেদ) রাত্রির সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এতে রাত্রি অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ে। এরপর থেকে রাশেদ রাত্রিকে এড়িয়ে চলতে থাকেন। এতে অভিমান করে রাত্রি বৃহস্পতিবার বিকেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই ঘটনায় থানায় মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে স্কুলছাত্রী রাত্রি আত্মহত্যা করেছে। তার আত্মহত্যার প্ররোচণার সঙ্গে জড়িতদের আটকে চেষ্টা চলছে। জেলা সদর হাসপাতাল মর্গে রাত্রির লাশের ময়নাতদন্ত করা হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।























