স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতীতে ১৫ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি অবিজল (৪৫)’র। ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সরোয়ার হোসেন জামালপুরের বকশীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করেন। অবিজল উপজেলার কাংশা ইউনিয়নের আয়নাপুর গ্রামের ফিকির আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জাল টাকার মামলায় ২০০৫ সালে আদালত অবিজলকে ৫ বছরের সাজা দেয়। এরপর থেকে সে পলাতক ছিলো। অনেক খুঁজাখুঁজি করেও পুলিশ তার সন্ধান পায়নি। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সরোয়ার হোসেন ও এসআই মাসুদ রানার নেতৃত্বে পুলিশ তাকে বকশীগঞ্জ থেকে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সরোয়ার হোসেন বলেন, ১৫ বছর পলাতক থাকা একজন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।























