স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প (ইউজিআইআইপি-৩) এর অর্থায়নে ৭ তলা ভিত্তি সম্বলিত ৩ তলা কমিউনিটি সেন্টার কাম বাণিজ্যিক ভবন (পৌর সিটি সেন্টার) নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে শহরের শহীদ দারোগ আলী পৌরপার্ক সংলগ্ন এলাকায় ওই সিটি সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

এ উপলক্ষে শেরপুর ক্লাবের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক। ওইমসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলায় উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। করোনায় সাহায্য সহযোগিতা প্রণোদনা সবই দিয়েছেন। সারা দেশে যে কাজ হচ্ছে জনপ্রতিনিধিদের সেই কাজের প্রতি আগ্রহ থাকতে হবে। কাজের মান যেন ভালো হয় সেদিকে নজর রাখতে হবে। তিনি আরও বলেন, সিটি সেন্টারের ১ম ও ২য় তলায় শীতাতাপ নিয়ন্ত্রিত যে কমিউনিটি সেন্টার হবে, পৌর পরিষদের দাবির প্রেক্ষিতে গোলাম মোহাম্মদ কিবরিয়া কমিউনিটি সেন্টার নামকরণ করা যেতে পারে।
পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম। পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রকাশ দত্ত, শেরপুর ক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন বাবুল, হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি। ওইসময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত, শেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, কাউন্সিলরবৃন্দ, সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দ, আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রায় ১১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে এ পৌর সিটি সেন্টার নির্মাণ করা হচ্ছে। ভবনটি নির্মান করছে ঠিকাদার প্রতিষ্ঠান এমই-কেটি (জেভি)।
























