স্পোর্টস ডেস্ক : মাথার ওপর পরিষ্কার আকাশ। ওল্ড ট্রাফোর্ডের উইকেট ছিল ব্যাটসম্যানদের জন্য স্বর্গ। শুরুতেই আঁচ করা যাচ্ছিল ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে রান বন্যার। শেষ পর্যন্ত তাই হলো। পাকিস্তানের ছুড়ে দেওয়া ১৯৬ রানের লক্ষ্য ৫ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে তাড়া করে ইংল্যান্ড। ৫ উইকেটের বড় জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।

কাজটা সহজ করে দেন ইংল্যান্ডের দুই ওপেনার জনি বেয়ারস্টো ও টম বেন্টন। ব্যাটিং পাওয়ার প্লেতে ওভার প্রতি ১০ এর বেশি করে রান তুলে ভিত গড়ে দেন ওই ২ ওপেনার। আগের ম্যাচে ফিফটি করা বেন্টন নয়, এবার বেয়ারস্টোর ঝড় দেখে পাকিস্তান। মাত্র ২৪ বলে ৪৪ রান যোগ করে ব্যাটিং পাওয়ারপ্লের ঠিক পরের ওভারেই আউট হন। শাদাব খানের স্পিনে আউট হওয়ায় ৬৬ রানের ওপেনিং জুটি ভাঙে ইংল্যান্ডের। দুশ্চিন্তার ভাঁজ পড়ে বেয়ারস্টোর পর বেন্টনের আউটে। কিন্তু ৩৩ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলে জয়ের পথ আরও সহজ করে দেন ইংল্যান্ড কাপ্তান মরগান।

























