স্টাফ রিপোর্টার ॥ কৃষি ও খাদ্যউদ্বৃত্ত অঞ্চল শেরপুরে চলতি বোরো মৌসুমে সরকারি গুদামে বোরো চাল ও ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নির্ধারিত সময়সীমা প্রায় শেষ হয়ে এলেও এ পর্যন্ত লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেকের কিছু বেশি বোরো চাল এবং লক্ষ্যমাত্রার অর্ধেকেরও অনেক কম বোরো ধান সংগ্রহ হওয়া ওই আশঙ্কা দেখা দিয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় চলতি বোরো মৌসুমে ৫৪৬ জন চালকলমালিক বোরো চাল সরবরাহ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আর ধান দেওয়ার জন্য ৮ হাজার ৫৯৮ জন কৃষক তালিকাভুক্ত হয়েছেন। এতে শেরপুরের সদর, নালিতাবাড়ী, নকলা, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা থেকে ২৫ হাজার ৬২ মেট্রিক টন চাল এবং ১৬ হাজার ৫০৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। গত ১৩ মে থেকে শুরু হওয়া ওই সংগ্রহ অভিযান ৩১ আগস্ট পর্যন্ত চলবে। কিন্তু এখন পর্যন্ত অনেক চালকলমালিক ও কৃষক গুদামে চাল ও ধান সরবরাহ না করায় ওই লক্ষ্যমাত্রার বিপরীতে ২১ আগস্ট পর্যন্ত চাল সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৪৮৫ মেট্রিক টন এবং ধান সংগ্রহ হয়েছে ৬ হাজার ১৮৩ মেট্রিক টন। এ কারণে নির্ধারিত সময়ের মধ্যে চাল ও ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার আশঙ্কা রয়েছে।

জেলা চালকল মালিক সমিতি সূত্রে জানা যায়, সরকার এ বছর বোরো চাল প্রতি কেজি ৩৬ টাকা ও ধান ২৬ টাকা সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে। কিন্তু বর্তমানে বাজারে মোটা চালের দাম প্রতি কেজি ৪২ থেকে ৪৪ টাকা। অর্থাৎ বাজারমূল্যের চেয়ে সরকারের চাল সংগ্রহ মূল্য কম হওয়ায় আর্থিক ক্ষতির কারণে চালকলমালিকেরা সরকারি গুদামে চাল সরবরাহ করতে উৎসাহ হারিয়ে ফেলেছেন। ধান-চাল ব্যবসায়ী মোঃ ফরিদুজ্জামান বলেন, বর্তমানে বাজারে ধানের দাম বেশি। এতে চাল উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। তারা এখন লোকসান দিয়ে চুক্তি অনুযায়ী গুদামে চাল সরবরাহ করছেন। এজন্য তিনি চালের সংগ্রহমূল্য বাড়াতে সরকারের প্রতি দাবি জানান। জিন্নাহ আলী নামে এক কৃষক বলেন, বর্তমানে সরকারনির্ধারিত ধানের সংগ্রহমূল্য আর বাজারমূল্য প্রায় সমান। বাজারে সহজেই ধান বিক্রি করা যায়। এতে ঝক্কিঝামেলাও কম। আর গুদামে ধান দিতে গেলে নির্দিষ্ট পরিমাণ আর্দ্রতা বজায় রাখতে হয়। অধিকন্তু পরিবহন খরচও বহন করতে হয়। তাই গুদামে ধান দেওয়ার চেয়ে বাজারে বিক্রিতেই সুবিধা বেশি।
জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান রওশন বলেন, জেলায় বোরো ধানের বাম্পার ফলন হলেও বাজারে ধানের দাম অনেক বেশি। ফলে সরকারনির্ধারিত ক্রয়মূল্যের সঙ্গে চাল উৎপাদন খরচের বিস্তর ফারাক হওয়ায় সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ করে চালকলমালিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারপরও যেসব চালকলমালিক চুক্তিবদ্ধ হয়েছেন, তারা লোকসান দিয়ে হলেও গুদামে চাল সরবরাহ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তবে সংগ্রহ অভিযানের সময়সীমা আরও এক মাস বাড়ানোর জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।
এ ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার বলেন, যেসব চালকলমালিক চুক্তি অনুযায়ী এখনও গুদামে চাল সরবরাহ করেননি, তাদের সরবরাহের জন্য তাগিদ দেওয়া হয়েছে। তারপরও তারা যদি চাল সরবরাহ না করেন, তাহলে সরকারের নির্দেশনানুযায়ী পরবর্তী মৌসুমগুলোয় ওই সব চালকলগুলোকে সরকারি গুদামে চাল সরবরাহ করা থেকে বিরত রাখা হবে। প্রয়োজনে সরকার শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারে। আর যেসব তালিকাভুক্ত কৃষক গুদামে ধান সরবরাহ করবেন না, তাদের সরকারপ্রদত্ত বিভিন্ন কৃষি প্রণোদনার আওতার বাইরে রাখা হবে। তবে চুক্তিবদ্ধকৃত চালকলমালিকেরা শেষ সময়ে হলেও যথারীতি চাল সরবরাহ করবেন বলে তিনিও আশা প্রকাশ করেন।
























