খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী ॥ শেরপুরের ঝিনাইগাতীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র মারাকের কবরস্থ সম্পন্ন হয়েছে। নরেন্দ্র মারাক উপজেলার নওকুচি বানাইপাড়া গ্রামের মৃত জগেন্দ্র সাংমার ছেলে। ২২ আগস্ট শনিবার বিকেল সাড়ে ৩ টায় নরেন্দ্র মারাক বার্ধক্য জনিত কারনে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। স্ত্রী, ৩ মেয়ে ২ ছেলেসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

রবিবার দুপুর ১২টায় তার নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় ফুলের তোড়া দিয়ে ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম শেষ শ্রদ্ধা জানান। ওইসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবদীন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ সুরুজ্জামান, ডেপুটি কমান্ডার সামছুল আলম, মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদের আহবায়ক সাইফুল ইসলাম প্রমুখ। পরে রাষ্ট্রীয় সম্মাননা ও ধর্মীয় প্রার্থনা শেষে বাড়ির পাশে তাকে কবরস্থ করা হয়।
























