নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে পানির স্রোতে ভেসে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর সুমাইয়া নামে ১০ মাস বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ৪ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলার কলসপাড় ইউনিয়নের পিপুলেশ্বর গ্রামের একটি খাল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, সোমবার রাতে পিপুলেশ্বর গ্রামের রুবেল মিয়ার স্ত্রী ১০ মাস বয়সী কন্যা শিশু সুমাইয়াকে কোলে নিয়ে নিজ বাড়ি থেকে অন্য বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তার অংশে থাকা পানির স্রোত অতিক্রম করার সময় স্রোতের টানে মা-শিশু উভয়েই ভেসে যায়। ওইসময় মা তীরে উঠতে পারলেও শিশু সুমাইয়া নিখোঁজ হয়। রাতে খোঁজাখুঁজি করে না পেলেও মঙ্গলবার সকাল ১০টার দিকে কিছুটা ভাটিতে খালের পানিতে সুমাইয়ার লাশ ভেসে উঠে।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
























