স্টাফ রিপোর্টার ॥ শেরপুরসহ সারাদেশে ইন্টারনেটের গতি বৃদ্ধি, ব্যান্ডউইথ বাড়ানো ও ইন্টারনেট পরিসেবার মূল্য কমানোর দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি। ২১ জুলাই মঙ্গলবার দুপুরে একই দাবিতে সোমবার সংগৃহিত ১ হাজার ৮শ গণস্বাক্ষরসহ ৩ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নিকট এবং একই সাথে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এবং ওই ২ মন্ত্রণালয়ের সচিব বরাবরে লিখিত পৃথক স্মারকলিপিও প্রদান করা হয়। ওইসময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট দ্রুত পাঠানো হবে বলে জানান।
জনউদ্যোগ কমিটির আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি হস্তান্তরকালে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, শিক্ষাবিদ অধ্যাপক শিব শংকর কারুয়া, নারী উদ্যোক্তা আইরীন পারভীন, সদস্য সচিব সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে বিকেলে শেরপুর-১ আসনের সংসদ সদস্য সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক-এর নিকটও একই দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।
























