স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাসসহ ৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। অপর দু’জন নকলা উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৮৫। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৪০ জন। মারা গেছেন চারজন। ১৫ জুলাই বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাঠানো প্রতিবেদনের বরাত দিয়ে সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ ওইসব তথ্য জানান।

জানা যায়, বুধবার শেরপুর জেলার মোট ১৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নালিতাবাড়ী উপজেলার এসিল্যান্ড সঞ্চিতা বিশ্বাস এবং নকলা উপজেলার উরফা গ্রামের জমশেদ আলী ও লাভা গ্রামের সাইফুল ইসলামের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এই প্রথম শেরপুর জেলায় প্রশাসন ক্যাডারের কোনো কর্মকর্তা আক্রান্ত হলেন।
সিভিল সার্জন আনওয়ারুর রউফ বলেন, শেরপুরে করোনার বিস্তার বেড়েই চলেছে। ৫ এপ্রিল প্রথম দুই নারীর করোনা শনাক্তের পর সাড়ে তিন মাসে জেলায় ২৮৫ জনের এই ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার পর্যন্ত আক্রান্তদের মধ্যে শেরপুর সদরে ১২২, নকলায় ৫২, নালিতাবাড়ীতে ৫৯, ঝিনাইগাতীতে ২৭ ও শ্রীবরদী উপজেলায় ২৫ জন রয়েছেন। তাদের মধ্যে ৯ জন চিকিৎসকসহ ৫০ জন স্বাস্থ্যকর্মী আর ৩১ জন পুলিশ সদস্য রয়েছেন।
























