শেরপুরে এবার সিজেএম’র ‘জাস্টিস অব দি পিস’ আদেশে ২শ হতদরিদ্র মানুষ পেল খাদ্য সহায়তা

খবর টি পড়েছেন : ৫৬২
শেরপুরে এবার সিজেএম’র ‘জাস্টিস অব দি পিস’ আদেশে ২শ হতদরিদ্র মানুষ পেল খাদ্য সহায়তা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে এবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) এস. এম হুমায়ুন কবীরের ‘জাস্টিস অব দি পিস’ হিসেবে দেওয়া এক আদেশে করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া ২শ হতদরিদ্র মানুষ পেয়েছে খাদ্য সহায়তা। ওই আদেশের প্রেক্ষিতে একটি মামলায় জব্দকৃত ৯৯০ কেজি চালের মধ্যে ৯৮০ কেজি চাল ৬-৭ জুলাই ঝিনাইগাতী ও শ্রীবরদীর সীমান্তবর্তী এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে বিতরণ করেছেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। এর মধ্য দিয়ে করোনা পরিস্থিতিতে জেলায় এই প্রথমবারের মতো ‘জাস্টিস অব দি পিস’ এর ক্ষমতা প্রয়োগ এবং আর্তমানবতায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হলো।

Shamol Bangla Ads

জানা যায়, গত ১০ এপ্রিল সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের পোড়ার দোকান এলাকা থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৯৯০ কেজি ওজনের ৩৩ বস্তা চাল উদ্ধার করে পুলিশ। পরে ওই ঘটনায় দায়ের করা মামলায় চালগুলো জব্দমূলে পুলিশ হেফাজতে রাখা হয়। কিন্তু ১১ এপ্রিল সদর আমলী আদালত ওই চালের মালিকানা সংক্রান্ত প্রতিবেদন তলব করে এবং দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও কেউ ওই চালের মালিকানা দাবি করেনি। ওই অবস্থায় অর্থাৎ করোনা ভাইরাসজনিত মহামারী পরিস্থিতিতে জব্দকৃত চালগুলো নিলামে বিক্রি করা কঠিন হয়ে পড়ায় এবং চলমান পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায়-হতদরিদ্র মানুষের অবস্থা বিবেচনায় গত ২৮ জুন জেলার ‘জাস্টিস অব দি পিস’ হিসেবে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীর স্ব-প্রণোদিত হয়ে এক আদেশে ওই মামলায় জব্দকৃত ৯৯০ কেজি চালের মধ্যে ১০ কেজি চাল আলামত হিসেবে সংরক্ষণ করে অবশিষ্ট চাল অসহায় হতদরিদ্রদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযথভাবে বিতরণ করতে পুলিশ সুপারের প্রতি আদেশ দেন। একই আদেশে বিতরণের ভিডিওচিত্র সরাসরি অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদকে দেখাতেও বলা হয়। আর ওই আদেশের প্রেক্ষিতে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের উপস্থিতি ও তত্বাবধানে ৬-৭ জুলাই ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে ওই চাল বিতরণের চিত্র পর্যবক্ষেণ করেন স্বয়ং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম হুমায়ুন কবীর।
এ ব্যাপারে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির সাইফুল ইসলাম লেবু ৯ জুলাই বৃহস্পতিবার বলেন, সিজেএম স্যার ‘জাস্টিস অব দি পিস’ হিসেবে মামলায় জব্দকৃত খাদ্যসামগ্রী করোনা ভাইরাসজনিত কঠিন পরিস্থিতিতে শেরপুরের হতদরিদ্র মানুষের মধ্যে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে বন্টনের আদেশ দিয়ে আর্তমানবতার সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এছাড়া তিনি স্বয়ং পুরো কার্য়ক্রমের সুষ্ঠুতা তার খাসকামরায় বসে পর্যবেক্ষণ করেছেন। এর মধ্য দিয়ে অসহায় দরিদ্র মানুষগুলোর যেমন উপকার হলো, তেমনি খাবারগুলোও নষ্ট হলো না। রাষ্ট্রের বা সরকারের উপকার হল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার তদন্তের মুখোমুখি ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads