স্টাফ রিপোর্টার : শেরপুরে নতুন করে আরও ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ১৬৮ জন। ১৩ জুন শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে পাঠানো প্রতিবেদনের বরাত দিয়ে সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ ওই তথ্য জানান।

জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে, নতুন শনাক্তদের মধ্যে শেরপুর সদরে ৫ জন ও নালিতাবাড়ী উপজেলায় ৩ জন রোগী রয়েছেন। আক্রান্তদের মধ্যে জেলা আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা রয়েছেন। অন্যরা স্থানীয় বাসিন্দা।
সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ বলেন, শনিবার পর্যন্ত জেলায় আক্রান্ত ১৬৮ জনের মধ্যে শেরপুর সদরে ৭৬, নকলায় ৩১, নালিতাবাড়ীতে ২৬, ঝিনাইগাতীতে ২২ ও শ্রীবরদী উপজেলায় ১৩ জন রয়েছেন। এদের মধ্যে ৮৪ জন সুস্থ হয়েছেন। আর ২ জন মারা গেছেন।
























