নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে খোরশেদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ১ জুন সোমবার সকালে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ধোপাকুড়া গ্রামে ওই মর্মান্তিক ঘটনা ঘটে। খোরশেদ স্থানীয় শরিফুল ইসলামের একমাত্র ছেলে।

জানা যায়, সোমবার সকালে শিশু খোরশেদ অন্য শিশুদের সাথে বাড়ির বাইরে খেলছিল। খেলার এক পর্যায়ে সবার অজান্তে সে পার্শ্ববর্তী পুকুরে ডুবে যায়। প্রায় ঘণ্টাখানেক অতিক্রান্ত হওয়ার পর শিশুটির মা ও স্বজনেরা খোরশেদকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশে থাকা পুকুরে খোরশেদের পায়ের জুতা ভাসতে দেখে তারা। ওইসময় পুকুরে তল্লাশী চালিয়ে পানিতে ডুবন্ত অবস্থায় খোরশেদকে উদ্ধার করে পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।























