শ্যামলবাংলা ডেস্ক : সরকার ঘোষিত সাধারণ ছুটি না বাড়িয়ে সীমিত আকারে অফিস খোলার সিদ্ধান্ত হলেও সুপ্রিম কোর্টসহ সারাদেশে নিয়মিত আদালত খুলছে না। তবে করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে নিয়মিত আদালত বন্ধ থাকায় জরুরি মামলা শুনানির জন্য হাইকোর্টে ভার্চুয়াল বেঞ্চের সংখ্যা বাড়ানো হয়েছে। ৪টি বেঞ্চের পরিবর্তে ১১টি বেঞ্চ গঠন করা হয়েছে। ৩১ মে রবিবার থেকে আগামী ১৫ জুন পর্যন্ত ১১টি একক হাইকোর্ট ভার্চুয়াল বেঞ্চ এবং আপিল বিভাগের ভার্চুয়াল চেম্বার আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার কার্যক্রম চলবে। এ ছাড়া অধস্তন আদালতেও ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কাজ চলবে। এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে গতকাল শনিবার পৃথক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই ভার্চুয়াল বেঞ্চে শুনানিতে আগ্রহী আইনজীবীদের ‘প্র্যাকটিস নির্দেশনা’ অনুসরণ করতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, হাইকোর্ট বিভাগের বিচারপতি বোরহান উদ্দিনকে অতি জরুরি ভ্যাট, কাস্টমস, ইনকাম ট্যাক্স সংক্রান্ত রিট মোশন, বিচারপতি ওবায়দুল হাসানকে ফৌজদারি মোশন ও সংশ্নিষ্ট জামিনের আবেদন, বিচারপতি এম ইনায়েতুর রহিমকে রিট, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমকে ফৌজদারি মোশন ও সংশ্নিষ্ট জামিনের আবেদন, বিচারপতি শেখ মো. জাকির হোসেনকে ফৌজদারি মোশন ও সংশ্নিষ্ট জামিনের আবেদন, বিচারপতি জে বি এম হাসানকে রিট, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারকে দুদক ও মানি লন্ডারিং আইনের মামলা ও সংশ্নিষ্ট জামিন আবেদন, বিচারপতি মো. আশরাফুল কামালকে ফৌজদারি মোশন ও সংশ্নিষ্ট জামিনের আবেদন, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়াকে দেওয়ানি মোশন ও সংশ্নিষ্ট আবেদন, বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে ভ্যাট, কাস্টমস, অ্যাডমিরালটি, ব্যাংক কোম্পানি আইনসহ সংশ্নিষ্ট আইনের আবেদন এবং বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানকে রিট আবেদনের শুনানির ক্ষমতা দেওয়া হয়েছে।

























