স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে পত্রিকার হকারদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা বিতরণ করেছে জেলা পুলিশ। ২৪ মে রবিবার দুপুরে শেরপুর পৌর নিউমার্কেট চত্বরে শহরের ৩০ জন পত্রিকা হকারের মাঝে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম-এর পক্ষে ওইসব ঈদ উপহার তুলে দেন করোনা ইমার্জেন্সী রেসপন্স টিমের সমন্বয়ক এসএম ইমতিয়াজ চৌধুরী শৈবাল ও জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ। এদিন একইসাথে শহরের ঢাকলহাটি এলাকার কর্মহীন ৪০ জন নারী শ্রমিক ও ১০ জন নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে জেলা পুলিশ। ওইসময় জনউদ্যোগ সদস্যসচিব হাকিম বাবুল, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন এবং স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার তৃতীয় লিঙ্গ হিজড়া জনগোষ্ঠির মাঝে ঈদ উপহার হিসেবে চাল-ডাল, সেমাই-চিনি এবং নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
























