স্টাফ রিপোর্টার : শেরপুরে নতুন করে ৩ পুলিশ সদস্যসহ আরও ৭ জন করোনাভাইরাসে (কোভিড–১৯) আক্রান্ত হয়েছেন। ২২ মে শুক্রবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে পাঠানো প্রতিবেদনে ওই তথ্য জানা যায়। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা হলো ২১ জন। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৫ জনে।
জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, নতুন করে আক্রান্ত হওয়া ৭ জনের মধ্যে একজন সদর থানার এএসআই, ২ জন কনস্টেবল এবং আগে আক্রান্ত এক কনস্টেবলের ১০ বছরের ছেলে রয়েছে। এ ছাড়া নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক উপ-সহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার একান্ত সহকারী ও জেলা সদর হাসপাতালের অস্ত্রোপচার কক্ষের একজন কর্মী রয়েছেন।

জেলা সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে সামাজিক সংস্পর্শের কারণেই তারা করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। আক্রান্ত ৩ পুলিশ সদস্যকে জেলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। আর অন্যরা বাড়িতে আইসোলেশনে আছেন। তাদের সংস্পর্শে আসা অন্যদের নমুনা সংগ্রহ করা হবে বলে জানান তিনি।
























