নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে সরকারিভাবে চলতি বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। ১৯ মে মঙ্গলবার দুপুরে সরকারি খাদ্যগুদাম চত্বরে ওই অভিযান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুর রহমান।
ওইসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, অর্থ সম্পাদক সাংবাদিক গোপাল চন্দ্র সরকার, চালকল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কেএম নাসির উদ্দিন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সম্রাট খান, উপ-পরিদর্শক সোহেল মিয়া, উপজেলায় কর্মরত খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনের সময় নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের ২ জন কৃষকের কাছ থেকে ৪ টন ধান ও সেতু এগ্রো মিলের কাছ থেকে চাল সংগ্রহের মাধ্যমে ওই সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারের নির্ধারিত মুল্য প্রতিমণ ধান এক হাজার ৪০ টাকা করে প্রথম দাফে লটারিকৃত উপজেলার এক হাজার পাচঁশত ৫৩ জন কৃষক-কৃষাণীর কাছ থেকে সরাসরি ৩ হাজার ১০৬ মেট্রিকটন বোরো ধান ক্রয় করা হবে। এরইমধ্যে উপজেলা কৃষি অফিসের কৃষক তালিকার ডাটাবেইজের আলোকে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। নির্বাচিত প্রতি কৃষক সর্বোচ্চ ২ মেট্রিকটন বা ৫০ মণ ধান সরকারের কাছে বিক্রি করতে পারবেন। এছাড়াও ৮২টি মিল মালিকের কাছ থেকে ৩৬ টাকা কেজি ধরে তিন হাজার দুইশত ৯৩ মেট্রিকটন চাল ক্রয় করা হবে।
উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন জানান,কৃষকদের কাছ থেকে সরকার র্নিধারিত মূল্যে বোরো ধান ক্রয়ের মহত উদ্যোগের বাস্তবায়নের লক্ষে উপজেলা কৃষি অফিসের কৃষক তালিকার ডাটাবেইজ এর ক্রমিক নম্বার অনুয়ায়ী উপজেলার একটি পৌরসভাসহ ১২ টি ইউনিয়নের ৫২ হাজার ৮শ কৃষকের প্রথম পর্যায়ের উন্মুক্ত লটারির মাধ্যমে ১ হাজার ৫৫৩ জন কৃষক নির্বাচন করা হয়েছে।

























