স্টাফ রিপোর্টার : শেরপুরে ৩ পুলিশ সদস্যসহ আরও ৬ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। ৯ মে শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবের জেলার ৯৪টি নমুনা পরীক্ষায় ওই ৬ জনের করোনা ধরা পড়ে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৮ জনে। তাদের মধ্যে ২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর উপজেলার করোনা ফোকাল পারসন ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেন জানান, গত কয়েক দিন থেকে শনিবার পর্যন্ত শেরপুর থেকে করোনা সন্দেহে ২৬৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। শনিবার ৩ দফায় ৯৪ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ৬ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়। এদের মধ্যে একজন সদর থানার এসআই, ডিবি পুলিশের একজন এএসআই ও ডিএসবির একজন। এছাড়া ডিবির এএসআইয়ের এক পুত্র ও সদর থানার এক নারী এসআইয়ের পুত্রসহ পুলিশ পরিবারের আরও এক সদস্য। ওই ৩জন কয়েকদিন আগে ঢাকা থেকে ফিরেছেন। আর আক্রান্তদের মধ্যে ডিবির এএসআই ও তার ছেলেকে রাতেই জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অন্যরা রয়েছেন হোম আইসোলেশনে। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় একজন পরিদর্শকসহ করোনা আক্রান্ত হলেন ৭ জন।
এদিকে রবিবার সকালে ডিবি, ডিএসবি ও সদর থানার আক্রান্তদের সংস্পর্শে থাকা ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদেরকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে।
























