স্টাফ রিপোর্টার ॥ খবর সংগ্রহের জন্য সাংবাদিকদের ঘরের বাইরে বেরোতেই হয়। করোনার এই সময়ে বাইরে দায়িত্ব পালন করা অন্যান্য পেশাজীবীর মতো সাংবাদিকদেরও ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। এমন পরিস্থিতিতে শেরপুরের সাংবাদিকদের পাশে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী নিয়ে এগিয়ে এলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ১৩ এপ্রিল সোমবার বিকেলে শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমানের হাতে তিনি ৩৫টি পিপিই তুলে দেন।

জেলা প্রশাসকের কার্যালয়ে ওইসব পিপিই গ্রহণ করে জেলায় কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে প্রেসক্লাব সভাপতি জেলা প্রশাসক আনার কলি মাহবুবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে অভিনন্দন জানান। ওইসব পিপিই করোনার এই সময়ে সাংবাদিকদের দায়িত্ব পালনে ব্যক্তিগত সুরক্ষার কাজ করবে। এতে সাংবাদিকরা আরো নির্ভার হয়ে তাদের দায়িত্ব পালনে সক্ষম হবেন। এছাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদ সাধারণ সম্পাদক হাকিম বাবুল সাংবাদিকদের পিপিই প্রদান করায় জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
























