স্টাফ রিপোর্টার ॥ ভয়াবহ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি, অফিস-আদালত, দোকানপাট ও যানবাহন বন্ধসহ সর্বত্র লকডাউন কার্যকরে শেরপুরে জেলা প্রশাসন রয়েছে সর্বোচ্চ সতর্কাবস্থায়। এজন্য মাঠে তৎপর রয়েছে প্রশাসনের পাশাপাশি পুলিশ ও সেনাবাহিনী। ফলে ২৬ মার্চ বৃহস্পতিবার ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসেও জেলা শহরসহ উপজেলা সদরগুলোও অনেকটা জনশূন্য ও ফাঁকা রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের খোয়ারপাড় শাপলাচত্ত্বর মোড়, কলেজমোড়, নিউমার্কেট মোড়, থানামোড় ও নতুন বাস টার্মিনাল মোড়সহ প্রধান প্রধান সড়কগুলো ঘুরে দেখা যায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ টিম তৎপর রয়েছে। এছাড়া পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শহরময় টহল দিচ্ছে। সাবধানতা ও অজ্ঞতার কারণে কোন কোন এলাকায় যাত্রী নিয়ে প্রবেশ করা অটোরিক্সা ও রিক্সাকে বাধা দিচ্ছে পুলিশ। এছাড়া মোড় বা রাস্তায় একের অধিক লোকজনকেও যাতায়াতে নিরুৎসাহিত করছে তারা। তবে রোগী আনা-নেওয়ার কাজে ব্যবহৃত এ্যাম্বুলেন্সের পাশাপাশি ক্ষুদ্র যানগুলোর যাতায়াত অব্যাহত রয়েছে।

অন্যদিকে ঘাটাইল সেনানীবাসের ১৯ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন শাহরিয়ার রিফাতের নেতৃত্বে এক প্লাটুন সদস্য গাড়ি নিয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকাসহ রাস্তাগুলোতে টহল দিচ্ছে। এছাড়া সেনাবাহিনীর তরফ থেকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ডিসি অফিস অঙ্গন, নিউমার্কেট মোড় ও থানামোড়সহ কয়েকটি এলাকায় সচেতনতামূলক মাইকিং প্রচারণা চালানো হয়।
এ বিষয়ে ঘাটাইল সেনানীবাসের ১৯ পদাতিক ডিভিশনের মেজর তৌফিকুল বারী শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, জেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে আপাতত ঘাটাইল থেকেই আমাদের এক প্লাটুন সদস্য শেরপুরে টহল দিচ্ছে। সেইসাথে মাইকিং প্রচারণায় লোকজনকে সচেতন করা হচ্ছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রয়োজন ও সময়ের তাগিদে শেরপুরে অবস্থান নেওয়া হতে পারে।
শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম শ্যামলবাংলা২৪ডটকমকে বলেন, আমরা আছি আপনার পাশে, মানবিক পুলিশের চোখে জনতার আকাক্সক্ষা লেখা থাকে- শেরপুরে আমরা এ সংকল্প বাস্তবায়নে কাজ করছি। বর্তমানে করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণ তথা জাতির চরম ক্রান্তিকালে সেই সংকল্প বাস্তবায়নে তৎপরতা যথেষ্ট বাড়ানো হয়েছে। তারই আওতায় জনসচেতনতা বাড়াতে মাইকিং ও লিফলেট প্রচারণার পাশাপাশি শহরে যানবাহন ও জনযাতায়াত বন্ধে কাজ করছে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে শহরে পুলিশের তৎপরতা আরও বাড়ানো হয়েছে। অবস্থার আলোকে কঠিন পরিস্থিতিতেও ভয়কে জয় করে পুলিশ মাঠে থাকবে। অন্যদিকে বিশেষ অবস্থার সুযোগে আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও যেন অবনতি না ঘটে, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক আনার কলি মাহবুব শ্যামলবাংলা২৪ডটকমকে বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। জেলা সদরসহ প্রতিটি উপজেলায় জনসচেতনতামূলক মাইকিং ও লিফলেট প্রচারণার পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে প্রতিদিন হোম কোয়ারেন্টাইন ও বাজার মনিটরিং করা হচ্ছে। কোথাও কোন নিয়মের ব্যত্যয় ঘটলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এজন্য ইতোমধ্যে হোম কোয়ারেন্টাইন না মানায় ৪ জনকে জরিমানাসহ প্রায় প্রতিদিনই ভোক্তা অধিকার আইনে সংশ্লিষ্ট অসাধু ব্যবসায়ীদের দণ্ডিত করা হচ্ছে। এছাড়া বুধবার ঔষধ ব্যবসায়ী সমিতি, ঔষধ বিপণন সমিতি এবং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের নিয়ে পৃথক পৃথকভাবে সভা করে তাদের দায়িত্বশীল ও সতর্ক হওয়ার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।























