স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনাভাইরাস সংক্রমণরোধে এবার সন্ধ্যা ৬টার পর থেকে চা স্টলসহ যত্রতত্র সমাবেশ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ২৩ মার্চ সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসক আনার কলি মাহবুব তার ফেসবুক পেইজ ‘ডিসি শেরপুর’ এ জনস্বার্থে ওই নির্দেশ জারি করেন। একইসাথে জেলার এনজিওসমূহকে কিস্তি আদায় আপাতত বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণরোধে সরকারের কঠোর অবস্থানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও জনপ্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠানগুলোসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যখন একযোগে কাজ করছে ঠিক তখনই জেলা ও উপজেলা সদরসহ বিভিন্ন হাট-বাজারে চায়ের দোকানগুলো চলছে জমজমাটভাবে। এতে প্রায় প্রতিটি চা স্টলেই লোকজনের জটলাসহ আড্ডা জমে থাকায় জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে।

অন্যদিকে করোনা ভাইরাসের উদ্ভুত অবস্থায় সরকার-প্রশাসনসহ সাধারণ মানুষজন যখন চরমভাবে উদ্বিগ্ন, ঠিক তখনও মাঠ পর্যায়ে এনজিওগুলোর মাসিক ও সাপ্তাহিক কিস্তি আদায় অব্যাহত রয়েছে। আর ওই কিস্তি আদায়ের জন্য সংশ্লিষ্ট এনজিওগুলোর প্রতিটি কেন্দ্রে নির্দিষ্ট দিনগুলোতে প্রায় ২০ থেকে ৫০ জন নারী বা পুরুষ একত্রে সমবেত হচ্ছে। এতে একদিকে যেমন বর্তমান অবস্থায় স্বাস্থ্য ঝুঁকি কাজ করছে, অন্যদিকে তেমনি কাজের অভাবে দরিদ্রসীমার নিচে বসবাসকারী ওইসব ঋণগ্রহীতাদের কিস্তির টাকা পরিশোধে হিমশিম খেতে হচ্ছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হওয়ায় জেলা প্রশাসন আপাতত কিস্তি আদায় বন্ধের জন্য অনুরোধ জানিয়েছে।
ব্র্যাক জেলা সমন্বয়কারী ফারহানা মিল্কী সোমবার সন্ধ্যায় শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, উদ্ভুত অবস্থা বিবেচনায় এনজিও সমন্বয় ব্যুরোর তরফ থেকে কয়েকদিন আগেই কিস্তি আদায় বন্ধে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এরপরও জেলা প্রশাসনের পরামর্শের আলোকে কিস্তি আদায় বন্ধে দ্রুত মাঠ পর্যায়ে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। ওই নির্দেশনার আলোকে মঙ্গলবার থেকে এনজিওগুলোর কোন কর্মীই কিস্তি আদায়ে মাঠ পর্যায়ে যাবে না। তবে কেউ ইচ্ছে করলে অফিসে গিয়ে কিস্তির টাকা পরিশোধ করতে পারবেন।























