নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও ট্রাক্টরচাপায় শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। ১৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলার অষ্টধর ইউনিয়নের চরবসন্তী এলাকায় ট্রাক্টরচাপায় শিশু শামীম আহমেদ (১০) ও দক্ষিণ নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোবারক হোসেন (৩৬) নামে এক ভ্যানচালক মারা গেছেন। শামীম চরবসন্তী এলাকার মোর্শেদ আলীর ছেলে ও মোবারক দক্ষিণ নকলা এলাকার মৃত জবান আলীর ছেলে।

জানা যায়, নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের ডেবুয়ারচর এলাকার এমদাদুল হক বৃহস্পতিবার দুপুরের দিকে নিজের ট্রাক্টর দিয়ে চরবসন্তী এলাকায় অন্যের জমি চাষ করছিল। ওইসময় ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারিয়ে শামীম আহমেদ ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। অন্যদিকে নকলা ইউনিয়নের দক্ষিন নকলা এলাকার ভ্যানচালক মোবারক হোসেন বলেশ্বর নদী থেকে বৈদ্যুতিক সেচপাম্প দিয়ে জমিতে সেচ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ উভয় ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
























