স্টাফ রিপোর্টার ॥ ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ৮ মার্চ রবিবার সকালে জেলা প্রশাসনের তুলশীমালা সম্মেলন কক্ষে আয়োজিত ‘নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফুল কবীরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, সাজেদা পারভীন ঝিনুক, সাংবাদিক দেবাশীষ সাহা রায়, রফিক মজিদ প্রমুখ।

এদিকে একইদিন সকালে শহরে বর্ণাঢ্য র্যালি ও নারী সমাবেশ করেছে জেলা মহিলা পরিষদ, জনউদ্যোগ শেরপুর ও জেলা উদীচী। শহরের চকবাজারস্থ শহীদ মিনার চত্ত্বরে জেলা মহিলা পরিষদ সহ-সভানেত্রী ছবি মালাকারের সভাপতিত্বে নারী সমাবেশে বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র হুসনে আরা নাজমা, পৌর কাউন্সিলর মাহমুদা খানম ডলি, জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, নারীনেত্রী নিরু শামসুন্নাহার নীরা, আঞ্জুমান আরা যুথী, সাজেদা পারভীন ঝিনুক, শিক্ষাবিদ শিব শংকর কারুয়া, শিক্ষার্থী প্রতিভা নন্দী তিথী, সাংবাদিক রফিক মজিদ, উদীচী সংগঠক আবু হান্নান, সংস্কৃতি কর্মী কমল চক্রবর্তী, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সোলায়মান আহমেদ, নৃত্যশিল্পী কমল পাল, বিতার্কিক এসএম ইমতিয়াজ চৌধুরী, আইইডি’র ব্যবস্থাপক মানিক পাল, আসম নাসিম নয়ন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনউদ্যোগের সদস্য সচিব হাকিম বাবুল।
পরে শহীদ মিনার চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি), রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস), ইয়ুথ অ্যাজ চেঞ্জ এজেন্ট ফর সোসাল কোহেশন, নারী মঞ্চ, বাংলাদেশ হদি-ক্ষত্রিয় কল্যাণ পরিষদ, হরিজন কল্যাণ সমিতি, শেরপুর জেলা হিজড়া কল্যাণ সংস্থা, বাংলাদেশ দলিত বঞ্চিত অধিকার আন্দোলন, শেরপুর ডিস্ট্রিক্ট ডিবেট ফেডারেশন, নারী রক্তদান সংস্থাসহ বিভিন্ন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।























