শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। ৩ মার্চ সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল মাত্র ৪ রানে জিম্বাবুয়েকে পরাজিত করে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়।

ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী এক অভিনন্দন বার্তায় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের অভিনন্দন জানান। তিনি বলেন,‘ আমাদের খেলোয়াড়দের টিম স্পিরিট ও সিরিজে তাদের পারফরমেন্স দেখে পুরো জাতি গর্বিত।’ প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতেও এ জয়ের ধারা অব্যাহত রাখবে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১৬৯ রানে জিম্বাবুয়েকে পরাজিত করে বাংলাদেশ। আগামী ৬ মার্চ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওডিআই।

























