স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা আইনগত সহায়তা (লিগ্যাল এইড) কার্যক্রমের আওতায় গত এক বছরে (২০১৯ সাল) ১৭৯টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমে ৫৯ বিচার প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে ৫১ লক্ষ ২২ হাজার টাকা আদায় হয়েছে। ২ মার্চ সোমবার বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় ওইসব তথ্য জানানো হয়। এছাড়া সভার তথ্যমতে, বছরে মামলার জন্য ৩৪৭টি আবেদন গ্রহণ, ১২৫টি এডিআরের আবেদন গ্রহণ, ৩৬টি আবেদন খারিজ ও ৩০টি আবেদন অপেক্ষমান রেখে পরামর্শ প্রদান করা হয়েছে ৪৫৬ জনকে।

সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন। ওইসময় তিনি গত বছরের জানুয়ারি থেকে চলতি ফেব্রুয়ারি পর্যন্ত জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, হতদরিদ্র মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে তৃণমূল পর্যায় পর্যন্ত লিগ্যাল এইড কার্যক্রমে আরও গতিশীলতা আনতে হবে। লিগ্যাল এইড অফিসে গরিব-দুঃখী ছাড়াও আপসযোগ্য যেকোন মামলার বিরোধে যে কেউ বিকল্প বিরোধ নিষ্পত্তির আওতায় মিমাংসার আবেদন করতে পারে- তাই এ বিষয়টিসহ লিগ্যাল এইডের সহায়তা সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে উপজেলা, ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক সভা-সেমিনার আয়োজন করতে হবে। স্থানীয় গণমাধ্যমে লিগ্যাল এইড সম্পর্কে প্রচারের ব্যবস্থা করতে হবে। তিনি সমাপনী বক্তব্যে মুজিববর্ষ উপলক্ষে আদালত চত্ত্বরে ব্রেস্ট ফিডিং কর্ণার চালুসহ বিচারপ্রার্থী জনগণের সুপেয় পানির ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত ঘোষণা করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মোঃ আখতারুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান মাহমুদ, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক কামরুল হাসান খান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত লিমা, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেন, জেলা আইনজীবী সমিতির বিদায়ী সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রতিবেদন পাঠ করেন জেলা লিগ্যাল এইড অফিসার জুলফিকার হোসেন রনি।
সভা শেষে নবাগত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুনকে জেলা লিগ্যাল এইড কমিটির তরফ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন পরে হলেও জেলা লিগ্যাল এইড অফিসার হিসেবে সিনিয়র সহকারী জজ জুলফিকার হোসেন রনি দায়িত্ব গ্রহণের পর থেকে লিগ্যাল এইড কার্যক্রমে এসেছে গতিশীলতা।

























