স্টাফ রিপোর্টার ॥ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরপুরে ৯ দিনব্যাপী বই মেলা শেষ হয়েছে। এ উপলক্ষে ২৯ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শহরের ডিসি উদ্যান চত্ত্বরে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী। ওইসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেলার সেরা স্টল ও অংশগ্রহণকারী বই ব্যবসায়ীদের হাতে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। মেলায় ২০টি স্টল বসেছিল। পরে সন্ধ্যায় জেলা শিশু একাডেমী, আঁচড় ও ভিক্টোরিয়া একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
























