স্টাফ রিপোর্টার ॥ শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি ও হুইপ আতিউর রহমান আতিকের বিরুদ্ধে পত্রিকায় দুর্নীতির খবর প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা আওয়ামী লীগ। ২৭ ফেব্রুয়ারি বুধবার বিকেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পালের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করে।

পরে রঘুনাথবাজার এলাকায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমীর আলী সরকারের সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য মোঃ খোরশেদুজ্জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর নজরুল ইসলাম, শেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি দৈনিক সমকালে ‘দুদকে অভিযোগের পাহাড়, এমপি আতিক যেন একালের জমিদার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
























