ময়মনসিংহ প্রতিনিধি ॥ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ইয়ং টাইগার রাকিবুল হাসানকে বরণ করে নিলেন ফুলপুরবাসী। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার ফুলপুরবাসী ভালবাসায় সিক্ত হলেন যুব ক্রিকেটার রাকিবুল। সংবর্ধনায় অনুভূতি ব্যক্ত করে ইয়ং টাইগার রাকিবুল হাসান বলেন, আমি দেশের জন্য খেলেছি। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি ভবিষ্যতেও ক্রিকেটের মাধ্যমে দেশের সুনাম বয়ে আনতে বদ্ধ পরিকর।
সকাল থেকেই ক্রিকেট বীর রাকিবুলকে বরণ করে নিতে নিজের বাড়ি ময়মনসিংহের ফুলপুর হয়ে উঠেছিল উৎসবের নগরী। রাত থেকেই উপজেলা সদরসহ পাড়ামহল্লার মোড়ে মোড়ে আলোচনার বিষয় বস্তু ছিল রাকিবুলের নিজ এলাকায় আসা। তাই সকাল থেকেই প্রস্তুত ছিল ফুলপুরবাসী। রাকিবুলকে বরণ করে আনার জন্য কয়েকশ মোটরসাইকেল, পিকআপে ক্রিকেট প্রেমীরা এগিয়ে যায়। দুপুরে মোটরসাইকেল ও পিকআপের শোভাযাত্রার মধ্য দিয়ে রাকিবুলকে নিয়ে ফুলপুর উপজেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের দিকে রওনা হয়। আসার পথে মোড়ে মোড়ে হাত উচিয়ে ও ফুল ছিটিয়ে রাকিবুলকে সংবর্ধিত করেন রাস্তার দু’পাশের শত শত মানুষ।

এভাবে বিকাল পৌনে ৩টায় ফুলপুর উপজেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রবেশ করেন ইয়ং টাইগার রাকিবুল হাসান। সেখানে উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ সাইফুল ইসলাম, পৌর মেয়র আমিনুল হক, ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ ফুল ও ভালবাসা দিয়ে রাকিবকে বরণ করেন। সেখানে রাকিবুলকে ক্রেস্ট দেওয়া হয় এবং কেক কাটা হয়। উপজেলা প্রশাসনের সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিশ্বকাপ জয়ী যুব ক্রিকেটার রাকিবুল হাসান মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে নিজ বাড়ি ফুলপুর উপজেলার উত্তর বাশাঁটী গ্রামের দিকে রওনা দেন। সেখানে যাবার পথে বেশ কয়েক জায়গায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান ক্রিকেটপ্রেমীরা। এরপর কুড়িপাড়া মাদ্রাসা মাঠে মাউন্ট এভারেস্ট স্পোটিং ক্লাব ও এলাকাবাসীর উদ্যোগে দেয়া হয় গণসংবর্ধনা। সেখানে রাস্তার দু’পাশে কয়েকশ শিক্ষার্থী দাড়িয়ে তাকে ফুল ছিটিয়ে বরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, জেলা আওয়ামীলীগ সদস্য শাহ কুতুব চৌধুরী, শাহ সুলতান চৌধুরী, মিনহাজ উদ্দিন ভূইয়া, মজিবুর রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।

























