ঝিনাইগাতী (শেরপুর প্রতিনিধি) ॥ শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলার উন্নয়ন কার্যক্রম সম্পর্কে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৫ ফেব্রুয়ারী সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এনডিসি খন্দকার মোঃ মোস্তাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হোসেন, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ূন কবীর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াছমিন, সমাজ সেবা কর্মকর্তা আল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল প্রমূখ। সভায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার ৭ ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, কেউ দুর্নীতির সাথে জড়িত থাকলে তা বরদাস্ত করা হবে না। তিনি বাল্যবিয়ে, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকমুক্ত ময়মনসিংহ বিভাগ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং এ জন্য সকলের সহযোগিতা কামনা করেন।























