নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতৈ গর্ভবতী স্ত্রী ও ছেলে সন্তান রেখে অষ্টম শ্রেণিপড়ুয়া কিশোরীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করায় সোহাগ মিয়া (২৭) নামে এক যুবককে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২৮ জানুয়ারি মঙ্গলবার রাতে পৌর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

জানা যায়, ২০১৩ সালের ২৪ মার্চ নালিতাবাড়ী উপজেলার ছালুয়াতলা ফকিরপাড়া গ্রামের শাহ আলীর ছেলে সোহাগ মিয়া জামালপুর জেলার গেরামারা গ্রামের হায়দার আলীর কন্যা নার্গিসকে পারিবারিকভাবে বিয়ে করে। তাদের ঘরে সাড়ে ৪ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। এছাড়াও নার্গিস বর্তমানে গর্ভবতী। এরই মধ্যে সোহাগ প্রেম করে ১২ বছর বয়সী অষ্টম শ্রেণিপড়ুয়া এক কিশোরীকে বাল্যবিয়ে করে এবং নার্গিসের ভরণ-পোষণ বন্ধ করে দেয়। পরে বাধ্য হয়ে নার্গিস উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে অভিযোগ করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে রাতেই ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে শহরের আড়াইআনী বাজার জেলখানা এলাকার একটি ভাড়া বাসা থেকে সোহাগ মিয়াকে দ্বিতীয় স্ত্রীসহ আটক করা হয়।
























