স্টাফ রিপোর্টার ॥ সরকারি নির্দেশনা পাওয়ার পর করোনা ভাইরাস যাচাই-বাছাই করার জন্য শেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট দু’টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। একই সাথে জেলা সদর হাসপাতালে করোনা ভাইরাস রোগী সনাক্ত হলে তাকে রাখার জন্য আলাদাভাবে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। ২৮ জানুয়ারি মঙ্গলবার বিকেলে সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গঠিত মেডিক্যাল টিম দু’টি শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দরে পর্যায়ক্রমে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভারত থেকে বাংলাদেশে আসা যাত্রীদের করোনা ভাইরাস আছে কি-না তা যাচাই করবে। কাউকে সন্দেহ হলে তাকে জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হবে। পরবর্তীতে ঢাকায় পরীক্ষা-নিরীক্ষা করার জন্য পাঠানো হবে। ওই আইসোলেশন ওয়ার্ডে ১০টি বেড রাখা হয়েছে।
উল্লেখ্য, নাকুগাঁও স্থলবন্দর ও ইমিগ্রেশন দিয়ে মাসে প্রায় ৬/৭শ জন মানুষ ব্যবসায়িক কাজে ভারতসহ ভুটানে আসা-যাওয়া করেন।
























