ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ ডিসেম্বর অনুষ্ঠেয় ‘বঙ্গবন্ধু সিক্স এ সাইড ক্রিকেট টূর্নামেন্ট/১৮-১৯’ টূর্নামেন্টের ফাইনাল খেলা নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে চলছে রীতিমতো কাড়াকাড়ি প্রতিযোগিতা। আর এ নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন একই খেলা উপলক্ষে দু’পক্ষের আমন্ত্রিত অতিথিসহ স্থানীয় ক্রীড়ামোদিরা। অন্যদিকে ওই খেলাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে। দ্রুত ওই অবস্থার সুষ্ঠু সুরাহা না হলে যে কোন মুহূর্তে ঘটে যেতে পারে অঘটন।
জানা যায়, ৩১ ডিসেম্বর মঙ্গলবার বেলা আড়াইটায় ঝিনাইগাতী পাইলট উচ্চ বিদ্যালয় ভেন্যুতে অনুষ্ঠেয় ওই টূর্নামেন্টের ফাইনাল খেলায় স্থানীয় নিউ স্টার ক্রিকেট ক্লাব-২ এবং ব্রাদার্স ইউনিয়ন ইন হসপিটাল নামের দু’টি দল অংশগ্রহণের কথা রয়েছে। আর এ খেলার একটি আমন্ত্রণ পত্রে টূর্নামেন্টের আহবায়ক দাবি করে শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান শিমুল ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাঈমকে প্রধান অতিথি, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিলকে উদ্বোধক ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাকে প্রধান বক্তা হিসেবে উল্লেখ করেছেন। আর একই খেলার অপর একটি আমন্ত্রণপত্রে নিজেকে ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উল্লেখ করে শাহরিয়ার খান শাওন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমকে প্রধান অতিথি, ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈমকে উদ্বোধক, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাকে বিশেষ অতিথি হিসেবে উল্লেখ করেছেন।

ওই খেলা প্রসঙ্গে রাকিবুল হাসান শিমুল বলেন, যখন ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের কোন কমিটি ছিলো না, আমি আহ্বায়ক হয়ে তখন ওই খেলার কার্যক্রম শুরু করি। ওই টূর্নামেন্টের পরিচালনার সকল কাগজপত্র ও তথ্য-প্রমাণ আমার কাছে রয়েছে। কিন্তু ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দাবি করে ওই টূর্ণামেন্টকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। দীর্ঘদিন ওই খেলার কার্যক্রম বন্ধ ছিলো; আমি উদ্যোগ নেওয়ার পর আমার খেলাকে বন্ধ করার জন্য ওই অপচেষ্টা চালানো হচ্ছে।
অন্যদিকে শাহরিয়ার খান শাওন বলেন, ঘোলা পানিতে কেউ মাছ শিকারের চেষ্টা দুঃখজনক। খেলায় কোন বিশৃঙ্খলা যেনো না হয় সে ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগসহ উপজেলা ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগও তৎপর রয়েছে। একই বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম জানান, শিমুল আহবায়ক হয়ে খেলাটি একসময় শুরু করলেও পরবর্তীতে উপজেলা ছাত্রলীগের নেতৃত্বের পরিবর্তন হয়ে শাওন সাধারণ সম্পাদক হয়েছে। তাই উপজেলা ছাত্রলীগের ব্যানারে আয়োজিত খেলার কর্তৃত্ব মূলতঃ শাওনের হাতেই বর্তায়। তার মতে, একই খেলা নিয়ে পৃথক আমন্ত্রণপত্র ছাপা ও বিলি হলেও খেলা অনুষ্ঠানে আশা করি বিঘ্ন ঘটবে না।
এদিকে একই খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগের বিবদমান দু’গ্রুপের কাড়াকাড়ি প্রতিযোগিতায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় ক্রীড়ামোদিসহ সচেতন মহল। তাদের মতে, দ্রুত ওই অবস্থার সুষ্ঠু সুরাহা না হলে পরিস্থিতি হানাহানির দিকে গড়াতে পারে। এজন্য তারা উপজেলা প্রশাসনসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তা কামনা করেছেন।
এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রুবেল মাহমুদ রবিবার রাতে শ্যামলবাংলা২৪ডটকমকে বলেন, রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে কোনভাবেই নিরাপত্তা ঝুঁকি নেয়া হবে না। ২ গ্রুপকে একসাথে মিলে খেলা পরিচালনা করতে বলা হয়েছে। সেটি না করলে খেলা বন্ধ করে দেওয়া হবে। সংশ্লিষ্ট মাঠও ব্যবহার করতে দেওয়া হবে না।
























